যাত্রী সচেতনতায় কমছে অপরাধ
টানা নয় দিনের ঈদের ছুটি শুরু হচ্ছে কাল শুক্রবার থেকে। বাড়ি যাওয়ার তর যেন সইছে না মানুষের। আজ সকাল থেকেই অনেকে রওনা দিয়েছেন। গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া কম দূরত্বে বাসগুলোতে তাই উপচে পড়া ভিড়। অবশ্য সেখানকার বাসশ্রমিকেরা বলছেন, কয়েক দিন ধরেই মানুষ ঢাকা ছাড়ছে। আজ বৃহস্পতিবার থেকে এই চাপ বহু গুণ বাড়বে।
যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে, নিরাপদে রাখতে গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে নেওয়া হয়েছে সচেতনতামূলক মাইকিং। ঈদকে কেন্দ্র করে এই কার্যক্রম আরও বেড়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিরা বলছেন, এটি চুরি, ছিনতাই ও পকেটমারের মতো অপরাধ কমাতে সাহায্য করছে। তাঁদের মতে, যাত্রীরা সচেতন হলে এ ধরনের অপরাধ অনেক কমে যাবে।
গুলিস্তান থেকে কোমল পরিবহনের বাসে উঠছিলেন রেহানা। কাঁধে ব্যাগ ঝোলানো। সঙ্গে স্বামী শফিকুল। বাসে ওঠার সময় ভিড়ের মধ্যে বুঝতেই পারেননি কেউ ব্যাগের পাশের পকেটের চেইন খোলার চেষ্টা করছেন। কিন্তু স্বামী তা দেখে ফেলেন এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি বাসের সহকারীকে জানালেন। এরপর কর্মরত কমিউনিটি পুলিশ এসে ধরে নিয়ে গেল ছিনতাইকারীটিকে।

গুলিস্তানে মানুষ ও যাত্রীবাহী বাসের জট প্রতিদিনের চিত্র। এই ভিড়ের মধ্যে ঘটে ছিনতাইয়ের ঘটনা। তবে কমিউনিটি পুলিশদের সঙ্গে কথা বললে তারা জানায়, ছিনতাইয়ের ঘটনা আগের চেয়ে কমেছে।
সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে সড়ক পরিবহন ইউনিয়নের সহযোগিতায় মাইকিং করা হচ্ছে। জনগণ সচেতন হলে অনেক অপরাধ কমে। পুলিশের কাজ সহজ হয়ে যায়। অব্যাহত মাইকিংয়ের কারণে যাত্রী ও এখানে চলাচলরত লোকজন নিজের ও সঙ্গে থাকা ব্যাগ, মানিব্যাগের ব্যাপারে সচেতন হয়। এতে কাজ হচ্ছে।
যাত্রী-পথচারী-ক্রেতা-হকারদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিদিন গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে বাংলাদেশ সড়ক পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে রেকর্ড করা বক্তব্য বাজানো হয়। এতে বলা হয়: প্রতারক, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি আপনার আশপাশেই ঘোরাফেরা করছে। তারা নারী ও পুরুষ উভয়ই হতে পারে। তারা আপনার গতিপথ লক্ষ্য করে বহুদূর যেতে পারে। এমন কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান, আপনার অভিযোগ জানান। আপনার মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ সাবধানে রাখুন।...যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। গুলিস্তানে যাত্রী-হকার কেউ তুচ্ছ কারণে পরস্পরের সঙ্গে খারাপ আচরণ করবেন না কিংবা অশালীন আচরণ করা থেকে আসুন আমরা বিরত থাকি। সবশেষে নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন।
মাইকে সচেতনতা বৃদ্ধির কাজে যাত্রী-পথচারীরা কতটুকু সচেতন হয়েছেন, তা জানতে চাইলে সড়ক পরিবহন ইউনিয়নে কর্মরত আবির আহমেদ বলেন, মাইকিংয়ের পর অবস্থার অনেক উন্নতি হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে মাইকিং। যাত্রীরা সচেতন হয়েছেন। তিনি আরও বলেন, ‘নিয়মিত এখানে ৬০ থেকে ৭০ জন কমিউনিটি পুলিশের সদস্য যানজট কমানো ও যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কাজ করছেন। আগের চেয়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে। ৭৫ ভাগ সফল বলতে পারি।’
সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি আবদুর রহমান বলেন, ‘আমি এখানে মাইকিংয়ের উদ্যোক্তা। গুলিস্তান সিনেমা হল থেকে ব্রিজ (উড়ালসড়ক) পর্যন্ত ইউনিয়নের লোকেরা দেখে রাখে। মতিঝিল থানার ডিসি আনোয়ার স্যার আমাকে এ কাজে সহযোগিতা করেছেন। সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সহযোগিতায় এখনো মাইকিং সফলভাবে চলছে।’
পুলিশ বক্স থেকে সামান্য দূরে থেকে ছেড়ে যায় ডেমরা, নরসিংদী, তারাবগামী বাসগুলো। মেঘালয় লাক্সারি পরিবহনের সুপারভাইজার আবদুর রশীদ বলেন, মাইকিং করায় সুবিধা হয়েছে। যাত্রীরা যেমন সচেতন হয়েছেন, তেমনি যত্রতত্র পার্কিং কমেছে।
পুলিশ বক্সের কাছে প্রায় ২০ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন আমানুল্লাহ। তিনি বলেন, ‘আগে বাস থেকে নামলেই অনেক মহিলার কানের দুল ছিনতাই হতে দেখেছি। এখন এ ধরনের ঘটনা কম।’ পুলিশ বক্সের বিপরীত দিকে ফুটপাতে জুতার দোকানি মো. কালু মিয়াও বললেন একই ধরনের কথা। তিনি বলেন, এখানে একসময় সপ্তাহে দুই-তিনটা মলম পার্টির শিকার হওয়ার ঘটনা ঘটত। এখন এ ধরনের ঘটনা ঘটে না বললেই চলে।
তারাব যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রী খোরশেদ। তিনি বলেন, ‘মাইকিং শুনছি। যাত্রীরা সচেতন। তারপরও মানুষ ধোঁকা খেয়ে যায়। এটা চলতে থাকবে।’
হাতে কয়েকটি ব্যাগ নিয়ে ডেমরাগামী বাসের জন্য অপেক্ষা করছেন আনোয়ারা বেগম। তিনি মাইকিংয়ের বিষয়ে বলেন, ‘আমি শুনছি। আমি আগে থেকেই সচেতন। আমি তো ঢাকার মেয়ে। এসব জানি। আমার ব্যাগগুলো আমি ভালোভাবে দেখে রাখছি।’