যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার জাহাজ চালু, ঘাট ইজারাদারদের অনিয়ম বন্ধ এবং যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপের বাসিন্দারা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তাঁরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপে নৌপথে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার জাহাজ চালু না থাকায় যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে। এ পথে ঘাট ইজারাদার কৌশলে জাহাজ চলাচল বন্ধ রেখে পণ্যবাহী ট্রলারে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী আনা-নেওয়া করছে।
সমাবেশে বক্তারা যাত্রী হয়রানি বন্ধের দাবিতে ৯ সেপ্টেম্বর জেলা পরিষদ ঘেরাও এবং সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মো. রফিকুল মাওলা। এ সময় কাজী এম আবু সুফিয়ান, বেলায়েত হোসেন, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য দেন।