চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে যাত্রী হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদারের কর্মচারীরা। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ অস্বীকার করেন তাঁরা।
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে সাতটি ঘাটে যাত্রী পারাপারে হয়রানির বিরুদ্ধে সন্দ্বীপের বাসিন্দারা সামাজিক আন্দোলন শুরুর পর এ সংবাদ সম্মেলন আহ্বান করেন সব কটি ঘাটের ইজারাদার আবুল কাশেমের লোকজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কাশেমের মালিকানাধীন বিপিসি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের ভূমি কর্মকর্তা কাজী নাছির উদ্দিন। এ সময় ইজারাদারের বিভিন্ন কোম্পানির দুই শতাধিক লোক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বলা হয়, এ নৌপথে মৃতদেহ পারাপারের জন্য কোনো ফি নেওয়া হয় না। এ সময় প্রথম আলোয় প্রকাশিত রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্বজনদের কাছ থেকে প্রতিটি মরদেহ পরিবহনের জন্য ১০ হাজার টাকা নেওয়ার তথ্য তুলে ধরলে তাঁরা জবাব দিতে পারেননি।
সাংবাদিকেরা প্রশ্ন করেন, অতিরিক্ত যাত্রী বহনের কারণে রোজার ঈদের আগে এক দুর্ঘটনায় ছয়জন যাত্রী নিখোঁজ হন। এক যাত্রীর স্বজন সন্দ্বীপ থানায় মামলাও করেন। যাত্রীদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাছির উদ্দিন বলেন, বিচারাধীন বিষয়ে কোনো কথা বলা উচিত হবে না।