যাত্রী হয়রানি বন্ধে অটোতে 'নোটিশ' টানানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার চালকদের বাড়তি ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে প্রতিটি অটোরিকশার পেছনে বাধ্যতামূলকভাবে বিশেষ একটি ‘নোটিশ’ টানানোর প্রস্তাব করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। যাতে গাড়ির নম্বরসহ ভাড়ার হার, দৈনিক জমার হার, চালক ও মালিকের নাম ও মোবাইল ফোন নম্বর এবং অভিযোগ জানানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ট্রাফিক পুলিশের ফোন নম্বর থাকে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে যাত্রীকল্যাণ সমিতির আয়োজনে এক গোলটেবিল বৈঠকে এ প্রস্তাব করা হয়। একই সঙ্গে যাত্রীর সংখ্যা বিবেচনায় অটোরিকশার সংখ্যাও বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।
বৈঠকে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ‘মালিক-চালকদের ইচ্ছেমতো ভাড়া নির্ধারণের পরও দেখা যাচ্ছে অটোরিকশাগুলো বরাবরের মতো চুক্তিতে চলাচল করছে। মিটারে চললেও বকশিশ দাবি করছে। যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে রাজি হচ্ছে না।’
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রতিটি অটোরিকশার পেছনে বাধ্যতামূলকভাবে বিশেষ সাইনবোর্ডটি লাগানোর প্রস্তাব দেন মোজাম্মেল। মালিক কর্তৃক অতিরিক্ত জমা আদায় বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বিআরটিএর প্রতি দাবিও জানান তিনি।
বৈঠকে উপস্থিত বিআরটিএর সচিব মো. শওকত আলী তাঁর বক্তব্যে বলেন, ‘আমি নিজেই কোনো দিন কোনো সিএনজিকে মিটারে চালাতে পারিনি। তাঁদের আইনি বাধ্যবাধকতার মধ্যে আনার জন্যই ভাড়া বাড়ানো হয়েছে। আর বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রতিদিন বিআরটিএ থেকে ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’
বাড়তি ভাড়ার বিষয়ে যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেন বিআরটিএর সচিব। মালিক নির্ধারিত অঙ্কের বেশি অর্থ জমা নিলে অভিযোগ নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। অটোরিকশার সংখ্যা বাড়ানোর বিষয়ে তাঁর ভাষ্য, ‘গণপরিবহনের মূল হচ্ছে বাস। বাসের সংখ্যা বাড়ানো উচিত। সিএনজির সংখ্যা বাড়ানোর বিষয়টি আলোচনা সাপেক্ষে করতে হবে।’
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি বরকত উল্লাহ বলেন, নির্ধারিত জমার অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নিলে ঐক্য পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বনজ কুমার মজুমদার, সাবেক সাংসদ গোলাম মাওলা, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য খান আহসান হাবিব, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন প্রমুখ।