যাত্রী হয়রানির অভিযোগে লঞ্চ চলাচল চার ঘণ্টা বন্ধ
যাত্রী হয়রানির অভিযোগে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা-নগরবাড়ি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। গতকাল মঙ্গলবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রাত আটটার দিকে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর লঞ্চ চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার বিকেল চারটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-নগরবাড়ি নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় আরিচা লঞ্চ মালিক সমিতি। এতে বিপাকে পড়েন লঞ্চের যাত্রীরা। উপায় না পেয়ে অনেকে ফেরিতে করে নদী পার হন। মালিকপক্ষের লোকজন অধিকাংশ লঞ্চ দৌলতদিয়া থেকে সরিয়ে পাটুরিয়ায় নিয়ে গেছেন।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাটে একটিমাত্র লঞ্চ ঘাটে বাঁধা রয়েছে। বাকি সব লঞ্চ সরিয়ে নেওয়া হয় পাটুরিয়ায়। লঞ্চ বন্ধের খবর পেয়ে ঘাটে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ।
আরিচা লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম খান বলেন, ‘সরকার ঘাটে টোল আদায় বন্ধ করে দেওয়ায় আমাদের আয় কমে যায়। মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়ে গত ১ আগস্ট প্রায় ৪০-৪২ জন টিকিট বিক্রেতাকে বাদ দেয়। বাদ দেওয়া এসব শ্রমিক যাত্রীদের নানাভাবে হয়রানি করছেন।
এ বিষয়ে আমাদের লোকজন স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় বিকেল চারটা থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
ওসি এ কে এম নাসির উল্যাহ বিকেলে বলেন, ‘হঠাৎ করে লঞ্চ বন্ধের সংবাদ পেয়ে ঘাটে এসে লঞ্চ ও যাত্রীশূন্য অবস্থায় দেখতে পাই। এখন বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, ‘যত দূর শুনেছি, ছাঁটাই হওয়া শ্রমিকেরা নানাভাবে ঝামেলা সৃষ্টি করায় মালিকপক্ষ বিকেল থেকে লঞ্চ বন্ধ করে দিয়েছে। অথচ ঘাটে যাত্রী হয়রানি বা শ্রমিকদের সমস্যার ব্যাপারে মালিকপক্ষ কোনো অভিযোগই করেনি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, ১ আগস্ট হঠাৎ মালিকপক্ষ দৌলতদিয়া, পাটুরিয়া, আরিচা ও নগরবাড়ি ঘাটে কর্মরত প্রায় ৪২ জন টিকিট বিক্রেতাকে বাদ দেয়। এতে তাঁরা বেকার হয়ে পড়েন। তাঁদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মালিকপক্ষকে বারবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি।