যাত্রী হয়রানির প্রতিবাদ করায় নির্যাতন!
যাত্রী হয়রানির প্রতিবাদ করায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাঞ্চন রায় গত বুধবার রাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গুরুতর আহত অবস্থায় কাঞ্চন রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।কাঞ্চন জানান, তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার গ্রামের বাড়ি থেকে গত বুধবার রাতে সৈয়দপুর থেকে খুলনাগামী ট্রেনে চড়ে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে বিজিবির জওয়ানেরা ট্রেন তল্লাশি করছিলেন। দীর্ঘ আড়াই ঘণ্টা ট্রেন তল্লাশির নামে মূলত যাত্রী হয়রানি চলছিল। এ পরিস্থিতি দেখে তিনি যাত্রী হয়রানির প্রতিবাদ করামাত্র তাঁকে ট্রেন থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম পেটাতে থাকেন বিজিবির জওয়ানেরা। এ সময় তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তখন জওয়ানেরা তাঁকে আরও বেশি শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং জেলহাজতে পাঠানোর ভয় দেখান। একপর্যায়ে এক জওয়ান তাঁর কানের ওপর লাথি মারেন। এতে তৎক্ষণাৎ তাঁর কান দিয়ে রক্ত বের হতে থাকে। শেষ পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেটের সহায়তায় তিনি সেখান থেকে রেহাই পান।কাঞ্চনের সহপাঠী সুজন, নাজিরসহ কয়েকজন জানান, চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর কানের পর্দা ফেটে গেছে। দ্রুত চিকিৎসা করাতে না পারলে ধীরে ধীরে তিনি কানে কম শুনতে পাবেন।বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম প্রামাণিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।