যাত্রীকে অজ্ঞান করার কাহিনি
কেউ রিকশাচালক, কেউ শসা বিক্রেতা, কেউবা ঝালমুড়ি বিক্রেতা। শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করেন। কোনো যাত্রীর পিছু নিয়ে বাসে তাঁর পাশে বসেন ওঁদের দলেরই সদস্য। ওই সদস্য ঝালমুড়ি বা শসা কিনে তা নিজে খান এবং বিশেষ প্রক্রিয়ায় গুঁড়া মেশানো শসা বা ঝালমুড়ি পাশের যাত্রীকে খাওয়ান। যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাঁর সবকিছু নিয়ে নেমে যান সামনের কোনো বাসস্ট্যান্ডে।অজ্ঞান চক্রের গ্রেপ্তার হওয়া তিন সদস্যের স্বীকারোক্তিতে এই তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শহরের গোয়ালচামটের পৌর বাসস্ট্যান্ড থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১০টি বিষাক্ত বড়ি ও কাগজে মোড়ানো বড়ির গুঁড়ার একটি পোঁটলা জব্দ করা হয়। তাঁরা হলেন মো. আকবর মোল্লা (৩০), মো. মিন্টু বিশ্বাস (২৫) ও চুন্নু শেখ (৪৫)। এঁদের সবার বাড়িই ফরিদপুরের সালথা উপজেলার কামারগ্রামে।