যাত্রীচাহিদা থাকলেও ঢাকায় নারীদের বাস বাড়ছে না
রাজধানীর মতিঝিলে রাজউক ভবনের সামনে দাঁড়ানো নতুনবাজার ও খিলগাঁও তালতলাগামী দুটি দোতলা বাস। সচিবালয়ে কর্মরত মনোয়ারা বেগম অফিস শেষে বেশ খানিকটা হেঁটে এখানে চলে এসেছেন রামপুরা যাবেন বলে। বাস ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে।
এত দূর এসে বাস ধরার কারণ এটা শুধুই নারীদের বাস। আসন খালি পাওয়া যাবে। ‘অন্য বাসে তো ছেলেদের সঙ্গে ধাক্কাধাক্কি করে উঠতেই পারি না,’ বললেন মনোয়ারা বেগম।
একটু দূরে মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারে মিরপুরগামী নারী যাত্রীদের নিয়ে শেষ বাসটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। একতলা বাস প্রথমে খালিই ছিল। ধীরে ধীরে যাত্রীসংখ্যা বাড়তে থাকল। বাস ছাড়ার মুহূর্তে দাঁড়ানোরও জায়গা নেই। আসন না থাকায় দোতলায় ওঠার সিঁড়িতে বসেছিলেন কয়েকজন যাত্রী। গত ২৮ ফেব্রুয়ারির দৃশ্য এটি।
রাজধানীর আটটি রুটে প্রতিদিন সকাল ও বিকেলে কর্মজীবী নারীদের জন্য যাতায়াত করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আটটি বাস, যদিও সংস্থাটির ওয়েবসাইটে ১৫টি বাসের কথা বলা আছে। সব কটিরই গন্তব্য মতিঝিল ও গুলিস্তান।
শুক্র ও শনিবার বাদে সপ্তাহের কাজের দিনগুলোতে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিভিন্ন গন্তব্য থেকে বাসগুলো ছাড়ে। বিকেল সাড়ে চারটা থেকে বিভিন্ন সময়ে মতিঝিল ও রাজউকের সামনে থেকে বিভিন্ন রুটে ফিরতি যাত্রা। এ ছাড়া নারায়ণগঞ্জ বাস ডিপো থেকেও মতিঝিল পর্যন্ত দুটি একতলা বাস যাতায়াত করে।
যাত্রীর চাপ আছে। কেননা, নারী শিক্ষার্থীরাও এসব বাসে চড়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যান। কিন্তু বাসের সংখ্যা আর বাড়ছে না। নারী যাত্রীরা বলেন, এসব বাস অফিসের সময় ছাড়াও সারা দিনই চলাচল করা দরকার।
বিআরটিসির উপব্যবস্থাপক (অপারেশন) মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘মহিলা বাসে যাত্রী পাওয়া যায় না। লস দিয়ে চলতে হয়। অনেক সময় ওই দিনের তেলের টাকা তো দূরের কথা, হেলপার ও চালকের চা খাওয়ার টাকাও ওঠে না।’
ব্যাংকার খালেদা ফেরদৌস বলেন, অনেক নারী যাত্রী এই বাসগুলোর কথা জানেন না। যাঁরা জানেন, তাঁরাও নির্দিষ্ট সময়ে বাস ধরতে না পেরে অন্য বাসে যাতায়াত করেন।
মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কানিজ নাহার বলেন, ‘নারীদের বাসে চলাফেরা নিরাপদ করতে এগুলো সারা দিন চললে ভালো হয়। এতে যতই ভিড় হোক না কেন, যাওয়া যায়।’
এসব বাসে ভিড় হলেও যেতে আপত্তি নেই অনেক নারী যাত্রীর। তাঁদের মতে, ‘গাদাগাদি’ হলেও এসব বাসে তাঁরা নিরাপদ বোধ করেন।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রোকেয়া পারভীন শিখা বলেন, ‘শেওড়াপাড়ায় থাকি। রিকশায় ভেঙে ভেঙে আসতে হয়। সাধারণ বাসে রিজার্ভ সিট কম। সেগুলোতেও অনেক সময় পুরুষ যাত্রীরা বসে থাকেন, বললেও উঠতে চান না। বাজে মন্তব্য করেন।’
মিরপুর রুটের চালক ফেরদৌস আলম বলেন, বাসগুলোতে উঠতে-নামতে বয়স্ক নারীদের সময় বেশি লাগে। তাঁদের জন্য আস্তে চালাতে হয়। এ বিষয়টি ট্রাফিক সার্জেন্টরা বুঝতে চান না। অপমান করেন। এই বাস তবুও তাঁর ভালো লাগে এ জন্য যে নারীরা সম্মানের সঙ্গে যেতে পারেন।
যে মায়েরা সন্তানদের স্কুলে নিয়ে যান, তাঁদের জন্যও এ ধরনের বিশেষায়িত বাস বাড়ানো দরকার বলে মনে করেন জিপিওতে কর্মরত নাজমা বেগম।
একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানে কর্মরত শাহিদা আক্তার বলেন, এসব বাসের সহকারীদের (কন্ডাক্টর ও হেলপার) প্রশিক্ষণ ও ইউনিফর্ম দেওয়া জরুরি।