যাত্রীছাউনি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর শহরের রোয়াজারহাট বাসস্টেশন এলাকায় সড়কের দুই পাশে নির্মিত যাত্রীছাউনি দুটি দখল করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। ১০ বছর ধরে ব্যবসা চললেও যাত্রীছাউনি দুটি উদ্ধারের কোনো উদ্যোগ নেই।চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন ২০০০ সালে তিনটি স্থানে পাঁচটি যাত্রীছাউনি নির্মাণ করে। দুটি জায়গায় তিনটি যাত্রীছাউনি থাকলেও রোয়াজারহাট বাসস্টেশন এলাকার ছাউনি দুটি বেদখল হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সেটি দখল করে দোকান নির্মাণ করেছেন।সরেজমিনে দেখা গেছে, রোয়াজারহাট বাসস্টেশন এলাকায় সড়কের উত্তর পাশের যাত্রীছাউনিতে বর্তমানে লেপ-তোশক, রং ও ওষুধের তিনটি দোকান রয়েছে। সড়কের দক্ষিণ পাশের যাত্রীছাউনিটিতে রয়েছে কুলিং কর্নার।আশরাফ আলী নামের এক যাত্রী বলেন, লাইনম্যান থেকে কোনো রকমে টিকিট নিলেও বাসের অপেক্ষায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে হয়। কেউ ভুল করে লাইনম্যানের পেছনে গিয়ে কুলিং কর্নারে বসলে তাকে চা-নাশতা খেতে হয়। অন্যথায় তাড়িয়ে দেওয়া হয়।কুলিং কর্নারের মালিক আবদুস সবুর বলেন, ‘এখানে কোনো যাত্রীছাউনি ছিল না। দোকানটি আমি কিনেছি। বরং যাত্রীদের সুবিধার্থে বাস মালিক সমিতির লাইনম্যানকে বসতে দেওয়া হয়েছে। সে হিসেবে তাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তারা যখন বাড়াবাড়ি করছে, তাহলে তাদের আর বসার সুযোগ দেওয়া হবে না।’সড়কের উত্তর পাশের লেপ-তোশক, রং ও ওষুধের দোকানের মালিকেরা জানান, তাঁরা ওসমান নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়ে দোকান খুলেছেন। ওসমান দাবি করেন, এখানে কোনো যাত্রীছাউনি ছিল না।চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোর্শেদ কাদেরী বলেন, ‘৮-১০ বছর আগে যাত্রীছাউনি দুটি বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারের জন্য আমরা বেশ কয়েকবার প্রশাসনের কাছে ধরনা দিয়েও ব্যর্থ হয়েছি। সর্বশেষ সপ্তাহ খানেক আগে জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন দিয়েছি।’রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, খোঁজ নিয়ে যাত্রীছাউনি দুটি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে।জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বলেন, ‘যাত্রীছাউনি দুটি উদ্ধারের ব্যাপারে বাসমালিক সমিতির পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। শিগগিরই যাত্রীছাউনি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।’