যাত্রীছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে ভোগান্তি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার তিনটি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে যাত্রীছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অথচ পৌরসভার আয়ের বড় একটি অংশ আসে এসব স্ট্যান্ড থেকে।
২০০৫ সালে উপজেলার ধানগড়া ইউনিয়নের একটি অংশ নিয়ে রায়গঞ্জ পৌরসভা যাত্রা শুরু করে। এ পৌরসভার রাজস্ব আদায়ের একটি খাত ধানগড়া নতুন চৌরাস্তার বাসস্ট্যান্ড ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড। এটাকে ধানগড়া সিএনজি স্টেশন বলে। এ ছাড়া উপজেলা পরিষদসংলগ্ন লক্ষ্মীকোলা ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের সামনে বাগানবাড়ি এলাকায় আরও দুটি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এসব স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ২০০ সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ধানগড়া থেকে সিরাজগঞ্জ, চান্দাইকোনা ও সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া পর্যন্ত যাতায়াত করে। প্রতিবছর এসব স্ট্যান্ড ইজারা দিয়ে প্রায় আট লাখ টাকা আয় করে পৌরসভা। কিন্তু যাত্রীদের সুবিধার জন্য নেই কোনো ছাউনি। ফলে যাত্রীদের রোদে যেমন পুড়তে হয়, তেমনি আবার বৃষ্টিতেও ভিজতে হয়।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা জানা যায়। ধানগড়া থেকে সিরাজগঞ্জে নিয়মিত চলাচলকারী কলেজশিক্ষক তাপস কুমার পাল বলেন, সিএনজি স্ট্যান্ডে যাত্রীছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে খুব সমস্যা হয়।
রেবেকা সুলতানা নামের আরেক শিক্ষক বলেন, ‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের এসব স্ট্যান্ডে অপেক্ষা করতে হয়।’
টোল আদায়কারী তিন ব্যক্তি বলেন, যাত্রীছাউনি না থাকায় তাঁদেরও রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। ব্যবসায়ী ইউনুস আলী তালুকদার বলেন, যাত্রীছাউনি না থাকায় বৃষ্টি হলে মালামাল নিয়ে ভিজতে হয়। অথবা কারও দোকানে আশ্রয় নিতে হয়।
সিএনজি স্ট্যান্ড ইজারা নেওয়া ধানগড়া-রণতিথা ছাত্র সমিতির মাসুদুল হক বলেন, ‘যাত্রীছাউনি নির্মাণের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে আমরা বলেছি।’
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, ‘ধানগড়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। সিএনজি স্ট্যান্ডে যাত্রীছাউনি নির্মাণের জন্য পৌরসভার উন্নয়ন সমন্বয় সভায় বলেছি।’
রায়গঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল্লাহ আল পাঠান বলেন, তিনি সদ্যই দায়িত্ব নিয়েছেন। সবার সঙ্গে বসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।