যাত্রীছাউনি ভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলা বাসস্ট্যান্ডের একটি যাত্রী ছাউনি বিভিন্ন পরিবহন কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ছাউনির ভেতর করা হয়েছে নয়টি কক্ষ। কক্ষগুলোর প্রতিটি বিভিন্ন পরিবহন কোম্পানির কাছে মাসে ৫০০ টাকার বিনিময়ে ভাড়া দিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। ছাউনি না থাকায় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাসের জন্য অপেক্ষা করতে হয় সাধারণ যাত্রীদের। জানা গেছে, ছাউনিতে চন্দ্রা, গ্লোবাল পরিবহন, সার্বিক পরিবহন, রেখা, অনন্ত, সুরভী পরিবহন, সাউদিয়া পরিবহন, হানিফ পরিবহন, সুবর্ণ, জিএম, তুহিন, সপ্তবর্ণা পরিবহন, সোনালী, চাকলাদার পরিবহন, ঈগল, সুগন্ধা ও পদ্মা পরিবহনের কাউন্টার রয়েছে। রাজৈরের স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘নামমাত্র যাত্রী ছাউনিটা করা হয়েছে। এটি তৈরি করা হয়েছে শুধু কক্ষ ভাড়া দেওয়ার জন্য। যাত্রীরা এই ছাউনিতে যদি বসতেই না পারে, তাহলে এত টাকা খরচ করে ছাউনি নির্মাণ করা কেন?’ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, ‘গত বছর অনেক ঢাকঢোল পিটিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এই যাত্রী ছাউনিটি উদ্বোধন করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘রোদে তেমন সমস্যা না হলেও বৃষ্টির দিনে যাত্রীরা পড়ে বিপাকে।’সরেজমিনে দেখা গেছে, যাত্রী ছাউনিটি দৈর্ঘ্যে প্রায় ৮০ ফুট আর প্রস্থে ১৫ ফুট। এর মধ্যে ছয় ফুট প্রস্তের বারান্দা রয়েছে। সেখানে চারটি থামের পাশে তিনজন করে যাত্রী বসতে পারে এমন ব্যবস্থা আছে। অর্থাৎ এই ছাউনিতে সাকল্যে ১২ জন যাত্রী বসতে পারে। বাকি অংশের সবটুকুই পরিবহন কাউন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি পশ্চিম দিকে চন্দ্রা কাউন্টারের সামনের অংশের বারান্দায় টেবিল বসিয়ে অতিরিক্ত একটি কাউন্টার বানানো হয়েছে।চন্দ্রা পরিবহনের কাউন্টারের পরিচালক তাজুল ইসলাম জানান, এখানকার প্রতিটি কাউন্টারই জেলা পরিষদ থেকে বরাদ্দ নেওয়া হয়েছে। একেকটি কাউন্টারের জন্য প্রতিটি পরিবহন কোম্পানি জেলা পরিষদকে প্রতি মাসে ৫০০ টাকা হারে ভাড়া দেয়।জেলা পরিষদের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ছাউনিটি তৈরিতে আট লাখ টাকা ব্যয় হয়েছে। জনসাধারণের সুবিধার্থে তৈরি একটি স্থাপনাকে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা অবৈধ বলে মন্তব্য করেছেন তিনি। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, জেলা পরিষদ কক্ষ ভাড়া দিয়ে সরকারি রাজস্ব আয় করছে। যাত্রী ছাউনির বারান্দায় যারা টেবিল-চেয়ার নিয়ে বসে তাদের উঠিয়ে দেওয়া হবে। এ ছাড়া যাত্রীদের বসার জায়গা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে।