বিশালাকার একটি ওয়ার্ডরোব তৈরির কাজ শেষ। চলছে ঘষামাজা। এরপর হবে তাতে বার্নিশ। সবশেষে ক্রেতার কাছে হস্তান্তর। মনে হতে পারে এটি একটি আসবাবের দোকানের বর্ণনা। কিন্তু বাস্তবে এটি উত্তরার জসীমউদ্দীন বাসস্ট্যান্ডের একটি যাত্রীছাউনির বর্ণনা। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক মাস আগেই এটি দখল হয়ে গেছে। আর এখন সেখানে রীতিমতো চলছে বিভিন্ন আসবাব তৈরি ও বিক্রির বাণিজ্য।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, যাত্রী ছাউনিতে চলছে বিভিন্ন ধরনের আসবাব তৈরির কাজ। প্রস্তুত অবস্থায় রাখা আছে ওয়ার্ডরোব, বিছানার অংশ, ড্রেসিং টেবিল প্রভৃতি। আসবাব তৈরির জন্য আছে বিভিন্ন আকৃতির কাঠ। পুরোদস্তুর একটি আসবাবের দোকান। ক্রেতারা আসছেন, আসবাব তৈরির ব্যাপারে কথা বলছেন। বনিবনা হলে দরদাম ঠিক করে অর্ডার দিয়ে যাচ্ছেন।
হাফিজুর রহমান সেখানে এসেছিলেন একটি ‘ইংলিশ খাট’ তৈরির বিষয়ে কথা বলতে। একাশিয়া কাঠের একটি ডাবল ইংলিশ খাট তৈরির চুক্তি করেছেন ১২ হাজার টাকায়। তিনি বলেন, ‘অনেক আগে থেকেই এখানে দোকান দেখে আসছি। তা ছাড়া এখন অনেকেই এখানে আসে আসবাব তৈরি করতে।’
এদিকে যাত্রীছাউনি বেদখলে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। খোলা আকাশের নিচে রোদে পুড়ে বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জসীমউদ্দীন মোড় বাসস্ট্যান্ডে থাকা অপর একটি নতুন যাত্রীছাউনির অবস্থাও বেহাল। প্রায় সারা দিনই ছাউনির বেঞ্চ দখল করে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা যায় ফুটপাতের ভাসমান মানুষদের।
নিখিল বিশ্বাস নামের একজন নিজেকে ছাউনির একটি অংশে থাকা কফিনের দোকানের কর্মচারী পরিচয় দিয়ে বলেন, ‘আমাদের ব্যবসা শুধু কফিনের। দোকানের প্রকৃত মালিক আবদুল মিয়া। তিনি সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে এ দোকান বসিয়েছেন।’ আসবাব সম্পর্কে নিখিল বলেন, এগুলো তাঁদের না, মার্কেটের ভেতরের দোকানের। তাঁরা ফার্নিচার তৈরি থেকে শুরু করে ঘষামাজা এবং রং করার কাজগুলো এখানে করেন।