যাত্রীছাউনিতে হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরদূরান্তের ক্লান্ত যাত্রীরা বিপদে-দুর্যোগে আশ্রয় নেবে, যাত্রীছাউনিটি নির্মাণের সেটাই ছিল উদ্দেশ্য। কিন্তু যাত্রীদের এ আশ্রয়টুকু এখন ব্যবসায়ীদের দখলে। রক্ষণাবেক্ষণের নামে ছাউনিটি দখল করে সেখানে চালানো হচ্ছে হোটেল। এ দশা মাওয়া-কাওড়াকান্দি রুটের শিবচরের কাওড়াকান্দি ১ নম্বর ফেরিঘাটে জেলা পরিষদের যাত্রীছাউনিটির।ঘাট এলাকাবাসী জানান, জেলা পরিষদের যাত্রীছাউনিটা পরিত্যক্ত হয়ে ছিল। যাত্রীদের বসার মতো পরিবেশ ছিল না। কর্তৃপক্ষের অবহেলার সুযোগ পেয়ে শের আলী এখানে হোটেল খুলে বসেছেন। তাঁরা আরও বলেন, বিভিন্ন দুর্যোগের সময় ঘাটে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। এসব দেখেও কর্তৃপক্ষের টনক নড়ে না।ঢাকাগামী যাত্রী শেফালি, রহিম মিয়া, আসমত আলীসহ একাধিক যাত্রী অভিযোগ করেন, ছাউনিটি দখল হওয়ায় এ ঘাটে যাত্রীদের বসার কোনো স্থান নেই। ফলে যাত্রীদের ঘাটে এসে দোকানে দোকানে গিয়ে দাঁড়াতে হয়। ব্যবসায়ী শের আলী বলেন, ‘ছাউনিটি পড়ে ছিল। তাই পরিষ্কার করে হোটেল দিছি। হোটেলও চলে, যাত্রীরাও বিশ্রাম নেয়। দুই সপ্তাহ ধরে হোটেল দিছি। এখনো তো কেউ কিছু বলে নাই।’ ঘাট ইজারাদার হাই সিকদার বলেন, ‘১ নম্বর ফেরিঘাটে যে বিশ্রামাগার আছে, তা তো আমি জানিই না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, যাত্রীছাউনিটি দখল করে হোটেল দিয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ঘাট ইজারাদারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘সে কোনো দিন যাত্রীসেবা বাড়াতে আমাদের কাছে আবেদন করেনি। তবে ওই যাত্রীছাউনিতে কেউ হোটেল দিয়েছে কি না, তা বলতে পারছি না।’