যাত্রীতে পূর্ণ লঞ্চ ছাড়ল সময়ের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী অনেক লঞ্চে ছিল যাত্রীদের এমন ভিড়। ছাদে যাত্রী বহন নিষিদ্ধ থাকলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে অনেকে লঞ্চের ছাদে উঠেও ঘরমুখী হয়েছেন। ছবিটি গতকাল বিকেলে পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু থেকে তোলা l সাইফুল ইসলাম
ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী অনেক লঞ্চে ছিল যাত্রীদের এমন ভিড়। ছাদে যাত্রী বহন নিষিদ্ধ থাকলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে অনেকে লঞ্চের ছাদে উঠেও ঘরমুখী হয়েছেন। ছবিটি গতকাল বিকেলে পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু থেকে তোলা l সাইফুল ইসলাম

রাজধানী ঢাকা থেকে লঞ্চে ঈদযাত্রায় গতকাল শুক্রবার ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বেশির ভাগ লঞ্চের ছাদেও যাত্রী দেখা গেছে। যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ায় সন্ধ্যা সাতটা পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের ৫৪টি লঞ্চের অনেকগুলো নির্ধারিত সময়ের আগেই ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে। এতে যাত্রীদের লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষা করতে হয়েছে কম।

বেলা ১১টার দিকে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। পন্টুনে তিল ধারণের ঠাঁই নেই। সকাল থেকেই দক্ষিণাঞ্চলগামী শত শত নারী-পুরুষ পরিবার-পরিজন ও মালামাল নিয়ে টার্মিনালে চলে আসেন। সকাল ছয়টা থেকে লঞ্চ ছাড়া শুরু হয়। যাঁদের লঞ্চ বিকেলে বা সন্ধ্যায়, তাঁরা টার্মিনালে আসেন দুপুর ১২টার পর থেকে। টার্মিনাল, পন্টুন, লঞ্চে যাত্রী আর যাত্রী। পন্টুনে ভিড় থাকায় কেউ কেউ নৌকায় করে টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর গিয়ে লঞ্চে ওঠেন।

কথা বলে জানা গেছে, যাঁদের কেবিনের অগ্রিম টিকিট কাটা নেই, তাঁরা যাত্রা নিশ্চিত করতে লঞ্চ ছাড়ার কয়েক ঘণ্টা আগে টার্মিনালে এসে লঞ্চে ওঠেন। কেবিনের অগ্রিম টিকিট কেনা যাত্রীরা আসেন লঞ্চ ছাড়ার বড়জোড় ঘণ্টাখানেক আগে।

বরগুনাগামী লঞ্চের যাত্রী আমির হোসেন বলেন, তাঁর লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু যানজট ও লঞ্চে জায়গার কথা চিন্তা করে আদাবর থেকে দুপুর ১২টায় টার্মিনালে এসেছেন। যানজটের কারণে গুলিস্তান থেকে সদরঘাট টার্মিনালে আসতে ঘণ্টাখানেক সময় লেগেছে। কিন্তু এসে দেখেন, লঞ্চের ডেকেও বসার ভালো জায়গা নেই। তবুও শান্তি, জায়গা পেয়েছেন; সবার সঙ্গে ঈদ করতে গ্রামে যেতে পারছেন।

ভোলাগামী টিপু লঞ্চের যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ভোলা যেতে ডেকের ভাড়া লঞ্চের কর্মচারীরা ৩০০ টাকা দাবি করছেন। কিন্তু গত সপ্তাহেও তিনি ২২০ টাকা ভাড়া দিয়ে এসেছেন।

অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার উপদেষ্টা ও টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া বলেন, ‘শুক্রবার (গতকাল) আমার তিনটি লঞ্চের ট্রিপ রয়েছে। লঞ্চে তেমন অতিরিক্ত যাত্রী হয়নি। অথচ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লঞ্চে নির্ধারিত যাত্রী তোলার আগেই লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করছে।’ তিনি দাবি করেন, কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। সরকারের নির্ধারিত হারেই ভাড়া আদায় করা হচ্ছে। কোনো লঞ্চ ছাদে যাত্রী বহন করতে পারবে না। ছাদে যাত্রী বহনের নিষেধাজ্ঞা মানার ব্যাপারে মালিক সমিতির পক্ষ থেকে কড়া নির্দেশ রয়েছে।

লঞ্চের যাত্রীদের হয়রানি রোধে নৌ-পুলিশের একাধিক দল নদীতে ও টার্মিনালে দায়িত্ব পালন করছে বলে জানান নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। মাঝনদী থেকে যাত্রীদের লঞ্চে ওঠা বন্ধে নৌ-পুলিশ তৎপর রয়েছে।

সকালে সদরঘাট টার্মিনাল পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, এবারের ঈদযাত্রার ব্যবস্থাপনা গত বছরের চেয়ে ভালো। দক্ষিণাঞ্চলের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে লঞ্চে যেতে পারছেন। তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে এ বছর টার্মিনাল এলাকায় পন্টুন ও গ্যাংওয়ে বাড়ানো হয়েছে।