রংপুর বিভাগের আট জেলায় গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত ছিল। এতে জনগণের দুর্ভোগ আরও বেড়ে যায়। কিন্তু সংকট সমাধানে গতকালও উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদ বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী, ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করা হচ্ছে। এর আগে প্রতিশ্রুতি দিয়েও আমাদের দাবি পূরণ করা হয়নি।’ রংপুরের পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর বলেন, ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে জোর চেষ্টা চালানো হচ্ছে।এম এ মজিদের নামে মামলা প্রত্যাহার, শ্রমিকদের নিয়োগপত্র, বেতনভাতা প্রদান ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ১০ দফা দাবিতে গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি। বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় এ ধর্মঘট চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল রংপুরে কোনো বাস বা ট্রাক চলাচল করেনি। কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়। গতকাল পরিবহন শ্রমিকদেরও কোনো তৎপরতা ছিল না। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরের কামারপাড়ায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড অনেকটা ফাঁকা ছিল। রংপুর শহরের মডার্ন মোড় এলাকায় কথা হয় রিকশাভ্যানের দুই যাত্রী রায়হানুল বারী ও সাখাওয়াত হোসেনের সঙ্গে। রায়হানুল ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সাখাওয়াত সরকারি কর্মচারী। বাস না পেয়ে তাঁরা পর্যায়ক্রমে অটোরিকশা ও রিকশাভ্যানে করে রংপুর থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তাঁদের ভাষায়, চাকরি বাঁচানোর জন্য আগামীকাল ঢাকায় পৌঁছাতেই হবে। রংপুরের সীমানা পার হতে পারলে ওই দিকে ঢাকা যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে।গতকালও দূরদূরান্ত থেকে কষ্ট করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসতে দেখা যায়। প্রচণ্ড পেটের ব্যথায় আক্রান্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট এলাকা ইউনুছ মিয়া (৬০)। তাঁর স্বজনেরা কোনো কিছু না পেয়ে তাঁকে রিকশাভ্যানে করে রংপুর হাসপাতালে এনেছেন। হাসপাতাল সূত্র জানায়, রোগী ভর্তি ও বহির্বিভাগে রোগীর সংখ্যা গত দুই দিনে অনেক কমে গেছে। গতকাল রংপুরের মিঠাপুকুর উপজেলার চূহড় এলাকায় গিয়ে শসাচাষিদের হাহাকার দেখা যায়। খেত থেকে শসা তুলে মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। পানি দিয়ে শসা সতেজ রাখার চেষ্টা চলছে। কৃষকেরা জানান, এখান থেকে প্রতিদিন অন্তত ১৫ ট্রাক শসা ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে ট্রাক চলাচল বন্ধ থাকায় অন্তত ৩০ ট্রাক শসা আটকা পড়েছে। শসাচাষি নূর মোহামঞ্চদ জানান, ‘শসা বাসি হয়ে গেলে ক্রেতা পাওয়া কঠিন হবে। কী করব বুঝতে পারছি না।’ চাষি আবদুর রহমান বলেন, ‘শসা থাকি যায় আয় হবার কথা ছিল, তা বুঝি তা আর হইল না।’ প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি জানান, ধর্মঘটের কারণে জেলার ১৩টি সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকেরাও দুর্ভোগে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, এভাবে চলতে থাকলে ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। তবে স্থানীয় শ্রমিকনেতাদের যৌক্তিক দাবিতে ধর্মঘট চলছে। পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ বলেন, ধর্মঘটে শ্রমিক ও যাত্রীদের অসুবিধা হচ্ছে ঠিকই। কিন্তু ধর্মঘটের কোনো বিকল্প নেই।