যাত্রীদুর্ভোগ লাঘবে ই-টিকিট চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদুর্ভোগ লাঘবে ট্রেনের টিকিট বিক্রিতে ‘ই-টিকিট’ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ ছাড়া রেলকে লাভজনক করতে তিনি কিছু পদক্ষেপ নেবেন বলেও জানান।গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী। মন্ত্রী হওয়ার পর মহানগর প্রভাতীযোগে তিনি এই প্রথম চট্টগ্রাম সফরে আসেন। পাহাড়তলী ওয়ার্কশপ পরিদর্শন শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় সিআরবিতে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে শ্রমিক লীগ ও সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।মহাব্যবস্থাপকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘ই-টিকিটের জন্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে কয়েকটি বুথ করা হবে। এতে লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়ার কষ্ট লাঘব হবে।’ মন্ত্রী বলেন, রেলের জনবলসংকট দূর করতে শূন্য পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে।রেলব্যবস্থাকে ‘হত্যা করতে ষড়যন্ত্র’ হচ্ছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘পৃথিবীর সব দেশেই রেল ও সড়ক যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতা হচ্ছে। আর আমরা কেবল সড়কের পেছনে দৌড়েছি। কিন্তু জাতীয় চেতনা ফিরেছে। এখন সবাই বুঝতে পারছেন, রেলই যোগাযোগের প্রধান বাহন।’চট্টগ্রামের পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে যন্ত্রপাতি সমস্যা সমাধানে অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হবে বলে তিনি জানান।চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে মালামাল বহনের জন্য ঢাকা-চট্টগ্রাম ‘ডাবল ট্রেক’-এর কাজ শেষ করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।