যাত্রীদের অন্য নৌপথ ব্যবহারের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে। আজ দুপুরে তোলা ছবি। ছবি: প্রথম আলো
ঈদ শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে। আজ দুপুরে তোলা ছবি। ছবি: প্রথম আলো

পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে চার দিন ধরে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে চালু রয়েছে মাত্র ছোট ছয়টি ফেরি। এই ফেরিগুলো দিয়ে কেবল ছোট গাড়ি পার করা হচ্ছে। আর ফেরিগুলো পারাপারে স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি সময় নিচ্ছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে ওই পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

ঈদের তৃতীয় দিনে আজ সোমবার ঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন। শিগগিরই সমস্যার কোনো সমাধান হওয়ার আশা না থাকায় এই পথে চলাচল করা দক্ষিণাঞ্চলের যাত্রীদের অন্য পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে রায়পুরা, লেনটিন ও যমুনা নামের তিনটি ফেরি লৌহজং চ্যানেলে আটকে যায়। পরে আজ সকালে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর লোকজন স্পিডবোট এবং ইঞ্জিনচালিত নৌকায় আটকে পড়া যাত্রীদের ওই ফেরিগুলো থেকে উদ্ধার করে। এর আগে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় ১০টি ফেরির চলাচল।

এদিকে নদীর পানি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে নাব্যতা সংকটের। এই নৌপথটি পারি দিতে গড়ে ৪০-৫০ মিনিট সময় লাগত। নাব্যতা সংকটের কারণে চার দিন ধরেই তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। রো রো ফেরিগুলো চরে আটকে যাচ্ছে। ঈদের দিন শনিবার ও পরের দিন গতকাল রোববার চরে আটকে যাওয়ায় মোট ১৩টি ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে উত্তরাঞ্চলের বন্যার পানি দ্রুত বঙ্গোপসাগরের দিকে ধেয়ে যাচ্ছে। ফলে নদীতে এখনো প্রচুর স্রোত। এই স্রোত ঠেলে যেতে হচ্ছে বলে ফেরিগুলো গতি তুলতে পারছে না।

এই সমস্যার কারণে সময়মতো বাড়ি ফিরতে পারেনি দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যাত্রী। শিমুলিয়া ঘাটে আটকে পড়া ঈগল পরিবহনের যাত্রী মো. ফদি হাওলাদার আজ বেলা একটার দিকে বলেন, ‘রোববার খুব সকালে সপরিবার ঘাটে এসে আটকা পড়েছি। আমাদের গাড়ি এখনো সিরিয়াল পায়নি। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।’

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি পার হওয়ার অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। সোমবার তোলা ছবি। ছবি: মো. ফয়সাল হোসেন
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি পার হওয়ার অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। সোমবার তোলা ছবি। ছবি: মো. ফয়সাল হোসেন

মাদারীপুরের টেকেরহাটের ট্রাকচালক মো. রিপন হোসেন বলেন, ‘আজ ১৪ দিন হলো আমি ট্রাক নিয়ে রাস্তায়। যাত্রাবাড়ীতে আটকে ছিলাম ছয় দিন, পদ্মার টোল প্লাজার সামনে দুই দিন, মাওয়ার চার রাস্তার মোড়ে দুই দিন আর শিমুলিয়া ঘাটে আজসহ চার দিন। মালবোঝাই গাড়ি ফেলেও যেতে পারছি না।’

শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়া ঢাকামুখী যাত্রী শারমিন আক্তার বলেন, ‘গাড়িতে পা রাখার জায়গা নেই। ইঞ্জিনের সিটে বসে ঘাট পর্যন্ত এসেছি। এখানে এসে দেখি ফেরি নেই ঘাটে।’

শিমুলিয়া ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্য কাওসার আলম বলেন, ‘ঘাটের পরিস্থিতি তেমন ভালো না। নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো প্রায় বন্ধই বলা চলে। ১৯টি ফেরির মধ্যে মাত্র ৬টি ছোট ফেরি চলাচল করছে। ফেরিগুলো ১০ থেকে ১২টি ছোট গাড়ি নিয়ে চলাচল করছে। ঘাট এলাকায় বড় ও মালবাহী গাড়িগুলো থেকেই যাচ্ছে। ফলে ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।’

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ১৯টি ফেরি চলাচল করার কথা থাকলেও নাব্যতা সংকটের কারণে চলছে মাত্র ৯টি ফেরি। আগামী কয়েক দিনে ঢাকামুখী গাড়ির চাপ আরও বাড়বে। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে। তাই যাত্রীদের অন্য রুট ব্যবহার করার পরামর্শ কর্তৃপক্ষের।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কার্যালয়ের সহকারী বাণিজ্য ব্যবস্থাপক সাফায়াত আহম্মদ জানান, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের বিষয়টি মাথায় রেখে গত বুধবার থেকে ১৯টি ফেরি পারাপারের কাজে ব্যবহারের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। নাব্যতা সংকটের কারণে বড় ও মাঝারি ফেরিগুলো চলতে পারছে না। তিন দিন ধরে বড় ফেরিগুলো বন্ধ রয়েছে। রোববার থেকে মাঝারি ফেরিও বন্ধ করে দেওয়া হয়। ছোট ফেরিগুলোও বিভিন্ন সময়ে চরে আটকে যাচ্ছে।

সাফায়াত আহম্মদ আরও বলেন, ‘আমরা মাইকিং করে ভারী যানবাহন ও যাত্রীদের বিকল্প পথে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা তা শুনছে না। বিআইডব্লিউটিসির নদী খননের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের গত কয়েক দিন ধরেই নদী খননের কথা বলা হচ্ছে। তাঁরা তা করছেন না। তাঁদের গাফিলতির কারণেই ঈদে ঘরমুখী যাত্রীরা এ দুর্ভোগ পোহাচ্ছেন।’

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, ‘আমরা গত তিন দিন ধরেই নদী খননের কাজ করে যাচ্ছি। আমাদের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেই নদী খনন করতে চেয়েছিলাম। ঈদের কারণে চাপ বাড়বে বলে বিআইডব্লিউটিসি তা করতে দেয়নি।’