যাত্রীদের ওপর বাসশ্রমিকদের হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের ওপর হামলা চালিয়েছেন বাসশ্রমিকেরা। এতে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে।বাসযাত্রীরা বলেন, ঢাকার গুলিস্তান থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তাগামী সেতু পরিবহন নামের একটি বাসের কন্ডাক্টর শিমরাইল মোড় থেকে মদনপুর পর্যন্ত ভাড়া ছয় টাকার পরিবর্তে ১২ টাকা করে আদায় করার সময় যাত্রীরা এর প্রতিবাদ করেন। বাসটি কাঁচপুর বাসস্ট্যান্ডে আসার পর রাসেল (৩৮) নামের এক যাত্রীর সঙ্গে কন্ডাক্টর রহমান মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের অন্য যাত্রীরা এগিয়ে এসে রহমান মিয়াকে মারধর করেন। এ সময় অন্য বাসের চালক ও শ্রমিকেরা ওই বাসের ভেতরে ঢুকে যাত্রীদের ওপর হামলা চালান। এতে সুরুজ মিয়া, আবদুল গনি, ইসহাক, সজীব মিয়া, নুরুল ইসলাম, সখিনা, মো. শরিফ, কুদ্দুস, রোজিনা, মোবারকসহ ১৫ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে সেতু পরিবহনের মালিক ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাসের ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু অনেক যাত্রী ভাড়া বেশি না দিয়ে উল্টো শ্রমিকদের মারধর করেছেন। এ কারণে বাসশ্রমিকেরা যাত্রীদের ওপর হামলা চালিয়েছেন।