ঢাকা-গজারিয়া-দাউদকান্দি রুটের (পথ) বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ও গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে চলাচলকারী বাসগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ থেকে আড়াই গুণ বেশি ভাড়া আদায় করেছে। জানা গেছে, ঈদের ছুটিতে অনেকেই ঢাকা থেকে বাড়ি যান। এসব লোকজন এখন ঢাকায় কর্মস্থলে ফিরছেন। এ কারণে বাসসহ অন্যান্য যানবাহনে যাত্রীদের প্রচণ্ড ভিড়। এই সুযোগে বাসমালিকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। দাউদকান্দি টোল প্লাজা থেকে ঢাকার ভাড়া ৪৫ টাকা এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট এলাকা থেকে ৪০ টাকা। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুর পূর্বাংশের টোল প্লাজা এলাকা থেকে ছেড়ে যাওয়া সায়েদাবাদ ও গুলিস্তানগামী বাসগুলো যাত্রীপ্রতি ১০০ থেকে ১২০ টাকা ভাড়া আদায় করছে। সেতুর পশ্চিম প্রান্ত গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট এলাকা থেকে সিটিং সার্ভিস ‘গজারিয়া’ পরিবহন যাত্রীপ্রতি ১০০ টাকা ও অন্য যাত্রীবাহী পরিবহনগুলো ৬০ থেকে ৭০ টাকা আদায় করছে। বাছেদ চৌধুরী, আ. মতিন ও ফারহানা খানসহ কয়েকজন বাসযাত্রী জানান, দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে ভাড়া ৪৫ টাকা ও বাউশিয়া ঘাট এলাকা থেকে ৪০ টাকা। অথচ আদায় করা হচ্ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ বেশি। একই সঙ্গে এই পথের দড়িবাউশিয়া, ভবেরচর, ভাটেরচর, বালুয়াকান্দি ও জামালদি বাসস্টেশন থেকেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। ঢাকা-গজারিয়া-দাউদকান্দি পথের বাস মালিক সমিতির সভাপতি আমানউল্লাহ বলেন, ‘বেশি ভাড়া আদায়ের অভিযোগ সঠিক নয়। কোনো যাত্রী সুনির্দিষ্টভাবে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আরজু মিয়া পিপিএম বলেন, ‘বেশি ভাড়া আদায়ের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’