পাঁচ বছর ধরে বাস না ঢোকায় নাটোরের সিংড়া পৌর বাস টার্মিনালটি যাত্রীদের কোনো কাজে আসছে না৷ এ কারণে যাত্রীরা ঝুঁকি নিয়ে রোদ-বৃষ্টির মধ্যে নাটোর-বগুড়া মহাসড়কে গিয়ে বাসে উঠছে৷
নাটোর বাস মালিক সমিতির সিংড়া শাখার সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, পৌরসভার অসহযোগিতা, অযত্ন, নিয়ম-শৃঙ্খলার অভাব, বিদ্যুৎ, পানিসহ নানা সমস্যার কারণে পৌর টার্মিনালটি অকেজো অবস্থায় আছে৷ তা ছাড়া টার্মিনালটি নিয়মবহির্ভূতভাবে বাস মালিক সমিতিকে না দিয়ে বাইরের লোকদের ইজারা দেওয়া হয়েছে৷ তাঁরা টার্মিনালে না থেকে মহাসড়ক থেকে চাঁদা তুলছেন৷’
পৌরসভার প্যানেল মেয়র আদনান মাহমুদ বলেন, ‘টার্মিনালটি অকেজো হয়ে পড়ার পেছনে নাটোর ও সিংড়া বাস মালিক সমিতির অবহেলা ও অসহযোগিতাই একমাত্র কারণ৷ আর গণশৌচাগারটি বাসমালিকপক্ষ ও ইজারাদারদের সমন্বয়ের অভাবে অকেজো রয়েছে৷ তবে আমরা ইতিমধ্যে গণশৌচাগার রক্ষণাবেক্ষণ কমিটি করেছি৷ কমিটির উদ্যোগে গণশৌচাগারটি সচল করা হবে৷’
এলাকাবাসী সূত্র জানায়, পাঁচ বছর ধরে সিংড়ার পৌর বাস টার্মিনালে যাত্রীবাহী বাস ঢুকছে না৷ স্থানীয় ও আন্তজেলা বাসগুলো সরাসরি নাটোর-বগুড়া মহাসড়কে চলাচল করছে৷ এসব বাস স্থানীয় মাদ্রাসা মোড়ে মহাসড়কের পাশে যাত্রী ওঠানামা করাচ্ছে৷ যাত্রীরা বাধ্য হয়ে রোদ-বৃষ্টিতে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে৷
পৌর কর্তৃপক্ষ ও বাসমালিক সূত্রে জানা গেছে, সিংড়ার অভ্যন্তরীণ প্রায় ৩০টি বাস ও নাটোর-বগুড়া সড়কে যাতায়াতকারী শতাধিক বাস টার্মিনালে না ঢুকে মাদ্রাসা মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করাচ্ছে৷ মহাসড়কের ওই স্থান চারটি রাস্তার মিলনস্থল৷ এ ছাড়া সিংড়া বাজার, মাছ বাজার, উপজেলা পরিষদ ও থানায় যাতায়াতের জন্য লোকজন ওই মোড় ব্যবহার করছে৷ রাত-দিন বাস দাঁড়ানোয় জায়গাটি জনাকীর্ণ হয়ে থাকে৷ এ ছাড়া রিকশা, অটোরিকশা ও ভটভটি দাঁড়ানোয় মোড়টিতে জট লেগে যায়৷
নাটোরে যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রী সাইফুর রহমান বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে পৌর বাস টার্মিনাল বানালেও সেটা ব্যবহারের সুযোগ আমাদের নেই৷ আমরা রোদ-বৃষ্টিতে ভিজে বাসে ওঠানামা করছি৷ টার্মিনালে শৌচাগার থাকলেও তা সারাক্ষণ তালাবদ্ধ থাকে৷ আমরা তা ব্যবহার করতে পারি না৷ এসব দেখার কেউ নেই৷’
কালীগঞ্জ থেকে সিংড়া হয়ে নাটোরে যাতায়াতকারী বাসের চালক রফিকুল ইসলাম বলেন, ‘টার্মিনালের ভেতর সারা বছর ট্রাক রাখা হয়৷ তাই আমরা ভেতরে যেতে অসুবিধা বোধ করি৷ এ ছাড়া যাত্রীরা আন্তজেলা গাড়ি ধরার জন্য মহাসড়কে দাঁড়িয়ে থাকে৷ তাদের দৃষ্টি আকর্ষণের জন্যও আমরা সড়কের পাশে দাঁড়াই৷ তবে যেখানেই দাঁড়াই না কেন, টার্মিনালের চাঁদা পরিশোধ করি৷’
জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, সিংড়া বাস টার্মিনালকে ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহারের অভিযোগ সঠিক না৷ টার্মিনাল পড়ে থাকে, এ জন্য হয়তো স্থানীয় কেউ কেউ কখনো ট্রাক রাখতে পারে৷ তিনি বলেন, ‘আমি বেশ কয়েকটি বাসের মালিক৷ সিংড়া টার্মিনালে বাস ঢোকানোর ব্যাপারে আমার কোনো আপত্তি নেই৷ তবে যাত্রী ওঠানোর প্রয়োজন মনে না করলে আন্তজেলা বাসগুলো সেখানে না ঢোকানোই স্বাভাবিক৷’