যাত্রীদের চাহিদা সত্ত্বেও চালু হচ্ছে না ঢাকা-ঈশ্বরদী ফ্লাইট
ব্যবসায়ী ও বিনিয়োগকারীসহ যাত্রীদের চাহিদা থাকার পরও পাবনার ঈশ্বরদী বিমানবন্দর থেকে ঢাকা রুটে ফ্লাইট চালু হচ্ছে না। নিয়মিত ফ্লাইট না থাকার কারণে দেশি-বিদেশি যাত্রীরা সহজে ও অল্প সময়ের মধ্যে ঢাকা-ঈশ্বরদী রুটে যাতায়াত করতে পারছেন না।
ঈশ্বরদী বিমানবন্দর সূত্র জানায়, ১৯৬৫ সালের পর থেকে ঈশ্বরদী বিমানবন্দরে ফ্লাইট শুরু করে। সে সময় নিয়মিত দুটি ফ্লাইট সকাল ও বিকেলে ঈশ্বরদী-ঢাকা চলাচল করত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হলে মেরামত করে আবার ৭২ সাল থেকে বিমান চলাচল শুরু করে। সে সময় পাবনা, কুষ্টিয়া, নাটোর ও রাজশাহীর প্রচুর যাত্রী হতো। দীর্ঘদিন বাংলাদেশ বিমানের ফ্লাইট চলার পর ১৯৮৭ সালে লোকসানের অজুহাতে এ পথে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালের ১৭ জুলাই থেকে আবারও ফ্লাইট চালু করা হয়। তিন বছর চলাচলের পর লোকসানের কারণে ১৯৯৬ সালের ৩ নভেম্বর আবারও ফ্লাইট চলাচল বন্ধ হয়। এরপর মানুষের দাবির মুখে ১৯৯৮ সালের ১০ মে বেসরকারি বিমান এয়ার পারাবতের সার্ভিস চালু করা হয়। মাত্র ৩৮ দিন চলাচলের পর একই বছরের ২৮ জুন ফ্লাইট আবার বন্ধ হয়ে যায়। এভাবে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০১৩ সালের ১৮ নভেম্বর ফের ফ্লাইট উদ্বোধন করা হয়। কিন্তু এর ছয় মাস ১১ দিন পর গত বছরের ২৯ মে থেকে আবারও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।
ঈশ্বরদীর সাতজন ব্যবসায়ী বলেন, ঢাকা-ঈশ্বরদী রুটে ফ্লাইট বন্ধ থাকায় তাঁরা জরুরি কাজ ও দ্রুত সময়ের মধ্যে ঢাকা যাতায়াত করতে পারছেন না। সড়ক বা রেলপথে দীর্ঘ সময় লাগছে। ট্রেনের সময়সূচিরও ঠিক নেই। আসন স্বল্পতার কারণে অনেক সময় ট্রেনের টিকিটও পাওয়া যায় না।
ঈশ্বরদী নাগরিক মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এখানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী ইপিজেড, ডাল গবেষণা কেন্দ্র, বিভাগীয় রেলওয়ে সদর দপ্তর পাকশী, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, পাবনা চিনিকল, পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল (বর্তমানে বন্ধ), বেনারসি প্রকল্পসহ বিভিন্ন শিল্পকলকারখানা। এখানে কর্মসূত্রে বিদেশিরাও রয়েছেন। অনেক বিদেশি রূপপুর প্রকল্প ও ইপিজেডে কাজ করছেন। দেশি-বিদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে ফ্লাইট চালু করা জরুরি হয়ে পড়েছে।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য খোন্দকার শহিদুল আলম বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটাতে ঈশ্বরদীতে সপ্তাহের সাত দিনই ফ্লাইট চালু রাখা দরকার।
ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক রুহুল আমিন বলেন, এই ইপিজেডে পর্যায়ক্রমে বিনিয়োগকারীরা আসছেন। কিন্তু বিমানবন্দরে ফ্লাইট বন্ধ থাকায় বিনিয়োগকারীরা এখানে প্রতিষ্ঠান গড়তে আগ্রহ হারাচ্ছেন। তাঁরা যানজটের দুর্ভোগ ও দীর্ঘ সময়ের কথা ভেবে ঈশ্বরদীতে আসতে চান না। ফ্লাইট না থাকায় অনেক বিনিয়োগকারী হেলিকপ্টার ভাড়া করে ঈশ্বরদীতে আসছেন। কেউ অসুস্থ হলে আবার দেড়-দুই লাখ টাকায় হেলিকপ্টার ভাড়া করে তাঁকে ঢাকায় নিয়ে যেতে হয়।
ঈশ্বরদী সরকার এয়ারওয়েজ ও ট্রাভেল এজেন্সির মালিক শাহানশাহ আলমগীর বলেন, তাঁদের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ঈশ্বরদীতে বিমানের টিকিট বিক্রি হতো। ইউনাইটেড এয়ারওয়েজের ড্যাস-৮ ফ্লাইট সপ্তাহে দুই দিন ঢাকা-ঈশ্বরদী রুটে চলাচল করেছে। যাত্রীও ছিল প্রচুর। কিন্তু ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ২৯ মে থেকে ফ্লাইটটির চলাচল বন্ধ রেখেছে।
ঈশ্বরদী বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুর রশীদ আকন্দ বলেন, এই বিমানবন্দরটি ৪৩৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত। তবে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ও প্রস্থ কম থাকায় বর্তমানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। রানওয়ের দৈর্ঘ্য ৪ হাজার ৭০০ ফুট ও প্রস্থ ৭৫ ফুট। কিন্তু বর্তমানে দেশে যে ধরনের ফ্লাইট রয়েছে, সেগুলো ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণের জন্য রানওয়ের দৈর্ঘ্য ও প্রস্থ সম্প্রসারণ করা দরকার।
এ জন্য একটি প্রস্তাব বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়েছে। প্রস্তাবে রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ফুট ও প্রস্থ ১০০ ফুট পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ঈশ্বরদীতে ফ্লাইট চালু করার জন্য উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে।