যাত্রীদের জিম্মি করে আবারও অটোরিকশা ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের জিম্মি করে আবারও ঢাকায় সিএনজি অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
অটোরিকশার বয়সসীমা বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকাল সোমবার অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব এ টি এম নাজমুল হাসান ৭২ ঘণ্টা ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন।
২০০২ সালে ঢাকায় অটোরিকশা নামানোর সময় এর বয়সসীমা নয় বছর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মালিকদের চাপে তা দুই দফা বাড়িয়ে ১১ বছর করা হয়। এখন আরও চার বছর বয়সসীমা বৃদ্ধির জন্য চাপ দিচ্ছেন মালিকেরা। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নামে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি নামে একটি সংগঠন অটোরিকশার বয়স বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিয়েছে। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং আওয়ামী অটোরিকশা শ্রমিক লীগ ধর্মঘট ও অটোরিকশার বয়সের মেয়াদ বৃদ্ধির বিপক্ষে।
শ্রমিক সংগঠন, যোগাযোগ মন্ত্রণালয় ও ভুক্তভোগীদের মতে, অটোরিকশার ভাড়া ও মালিকের জমা নির্ধারণ করা হয় এর বিনিয়োগের ওপর ভিত্তি করে। ইতিমধ্যে মালিকেরা তাঁদের বিনিয়োগ তুলে ফেলেছেন।
এর পরও চালকের কাছ থেকে নির্ধারিত ৬০০ টাকার দ্বিগুণ জমা আদায় করছেন মালিকেরা। আর চালকেরা যাত্রীদের কাছ থেকে জমা বেশি নেওয়ার অজুহাতে সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি আদায় করছেন। অটোরিকশা চালুর পর কখনোই মালিক-শ্রমিকেরা সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া ও জমা মানেননি।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মালিকদের চাপে ইতিমধ্যে মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অটোরিকশার বয়সসীমা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। অথচ সরকার যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।
যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ঢাকায় চলছে মেয়াদ পেরিয়ে যাওয়া পুরোনো অটোরিকশা৷ মালিকেরাও বিনিয়োগ তুলে ফেলেছেন৷ এই অবস্থায় অটোরিকশার ভাড়া কমানো উচিত৷ কিন্তু সরকারের সেদিকে কোনো মনোযোগ নেই৷ শুধু মালিক-স্বার্থ বাস্তবায়নে ব্যস্ত৷
ওই কর্মকর্তা বলেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি চক্র মালিকদের পক্ষ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে দেনদরবার করছে৷ এই চক্রটি পরিবহন খাতে যাত্রীস্বার্থবিরোধী যেকোনো উদ্যোগে মন্ত্রণালয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে৷ এখন তাদের চাপে নতি স্বীকার করলে কয়েক দিন পর ভাড়া বৃদ্ধির জন্য চাপ দেওয়া শুরু করবে৷
এর আগে গত মাসে একই দাবিতে ধর্মঘট করেছিল মালিক সমিতি৷ এরপর তাদের সঙ্গে বৈঠক করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়৷ কিন্তু যাত্রী কল্যাণ সমিতিসহ কয়েকটি সংগঠন অটোরিকশার বয়সসীমা বৃদ্ধির বিরোধিতা করে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয়৷
ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, মালিকদের ধর্মঘট বেআইিন। কারণ, ধর্মঘটের ফলে শ্রমিকেরা আয় থেকে বঞ্চিত হবেন। আর সময়সীমা বৃদ্ধির ফলে যাত্রী হয়রানি বন্ধ হবে না।