ট্যাক্সিক্যাবের পর এবার রাজধানীর সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির জন্য চাপ দিচ্ছেন এই খাতের মালিকেরা। তাঁরা ধর্মঘটের মাধ্যমে যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের কৌশল নিয়েছেন।
২০০১ সালে চালু করার পর এই অটোরিকশার মালিক-শ্রমিকেরা সরকারের ঠিক করে দেওয়া কোনো নীতিমালাই মানেননি। এর মধ্যে অন্যতম হলো মিটারে চলা। কোনো সরকারের সময়ই যোগাযোগ মন্ত্রণালয় এর জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি। সব সরকারের সময়ই এই যোগাযোগ মন্ত্রণালয় বারবার যাত্রীস্বার্থের বিরুদ্ধে, মালিক-শ্রমিকদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, ভাড়া বাড়িয়েছে। কিন্তু মিটারে চলা নিশ্চিত করেনি।
গত ১২ বছরে এই মালিক ও চালকের স্বার্থে সরকার ছয়বার অটোরিকশার ভাড়া বাড়ায়। কিন্তু একবারও চালক-মালিকেরা তা মানেননি। মালিকেরা দ্বিগুণ জমা নিচ্ছেন দাবি করে চালকেরা নির্ধারিত ভাড়ার কয়েক গুণ পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আদায় করেছেন। এখন আরেক দফা বিদ্যমান ভাড়া ও জমা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিল ঢাকা সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। কিন্তু ‘দাবি আদায়ের আশ্বাস পেয়ে’ গতকাল সোমবার ১০ দিনের জন্য ধর্মঘট স্থগিত করে সংগঠনটি।
মালিকেরা অটোরিকশার বয়সসীমাও চার বছর বৃদ্ধির দাবি জানিয়েছেন। নীতিমালা না মানলেও সরকার এর আগে অটোরিকশার বয়সসীমা দুই বছর বাড়িয়েছিল। এর পরও ঢাকার ১২ হাজার অটোরিকশার মধ্যে প্রায় সাড়ে চার হাজার এখন মেয়াদোত্তীর্ণ। শুরুতে অটোরিকশার বয়সসীমা নয় বছর ছিল। তা ধরলে কোনো অটোরিকশারই ঢাকায় চলার মতো বয়সসীমা নেই।
গত শনিবার ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে অটোরিকশার ভাড়া, মালিকের জমা ও অটোরিকশার বয়সসীমা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি তোলে। মালিকেরা অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ১২ টাকা নির্ধারণের দাবি জানান। এ ছাড়া প্রতি এক মিনিট যাত্রাবিরতির জন্য দুই টাকা এবং দৈনিক জমা (মালিকের অংশ) ৯০০ টাকা করার দাবি করেন।
বর্তমানে অটোরিকশায় প্রথম দুই কিলোমিটারের ভাড়া নির্ধারিত আছে ২৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য সাত টাকা ৭৪ পয়সা এবং প্রতি এক মিনিট যাত্রাবিরতির জন্য এক টাকা ৪০ পয়সা। মালিকের জমা ৬০০ টাকা।
বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম মালিক সমিতির নেতাদের নিয়ে গত ১৯ মার্চ বৈঠক করে ভাড়া বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। গতকালও বিআরটিএর চেয়ারম্যান বৈঠক করেন মালিকদের নিয়ে। বৈঠকের মাঝখানে যোগাযোগমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে চেয়ারম্যান মালিকদের জানান, দাবি বাস্তবায়নে মন্ত্রী বৈঠক করার আশ্বাস দিয়েছেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অটোরিকশার ভাড়া, মালিকের জমা ও বয়সসীমা বৃদ্ধির দাবি পুরোপুরিই অযৌক্তিক, বরং ভাড়া ও জমা এখন কমানো উচিত। কারণ, অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয় এর বয়সসীমার ওপর। ঢাকায় চলাচলরত অটোরিকশার নয় বছরের বয়সসীমা ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শেষ হয়ে গেছে।
অনেক আগেই মালিকদের বিনিয়োগ উঠে গেছে। কয়েক বছর ধরে মালিকেরা যে আয় করছেন, পরিচালনা ব্যয় বাদে তার পুরোটাই লাভ।
জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান গতকাল প্রথম আলোকে বলেন, ভাড়া বৃদ্ধির চূড়ান্ত কোনো প্রক্রিয়া শুরু হয়নি। আর অটোরিকশার বয়সসীমা বৃদ্ধি সময়সাপেক্ষ ব্যাপার। আসলে ধর্মঘট করার কোনো কারণই সৃষ্টি হয়নি।
নীতিমালা মানছে না কেউ: সিএনজিচালিত অটোরিকশার নীতিমালায় বলা হয়েছে, ভাড়ার মিটার সব সময় সচল থাকতে হবে। রাস্তায় চলাচলের সময় মিটার নষ্ট, কারসাজি, ভুল তথ্য পাওয়া গেলে চালকের ক্ষেত্রে লাইসেন্স এবং মালিকের ক্ষেত্রে গাড়ির চলাচলের অনুমতি বাতিল হবে। কিন্তু এটা বাস্তবায়নের কোনো নজির নেই।
বাস্তবে ঢাকায় কোনো অটোরিকশাতেই মিটার সচল নেই। ঢাকার অটোরিকশার যাত্রীরা শুরু থেকে দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি। মিটারে না গিয়ে চুক্তিতে যেতে যাত্রীদের বাধ্য করাই সাধারণ চিত্র। তার ওপর যাত্রীদেরই মিথ্যা তথ্য দিয়ে বলতে হয়, ‘মিটারে যাচ্ছি’। এই নৈরাজ্য, অপমানের কোনো সুরাহা কর্তৃপক্ষ থেকে পায়নি ঢাকাবাসী।
নীতিমালার ঘ অনুচ্ছেদে বলা হয়েছে, চালকেরা যেকোনো গন্তব্যে যাত্রী পরিবহনে বাধ্য থাকবেন। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
এখন নীতিমালার নির্দেশনা বা যাত্রীর ইচ্ছা নয়, চালকের মর্জির ওপরই নির্ভর করে অটোরিকশায় যাতায়াত।
এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘পুলিশ ও বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিচ্ছেন। আরও জোরদার করা হবে। আমাদের একটু সময় দেন।’
গত সোমবার এই প্রতিবেদক কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে এলেনবাড়িতে বিআরটিএর সদর কার্যালয়ে যেতে অন্তত ১০ জন অটোরিকশার চালককে অনুরোধ করেন। এর মধ্যে আটজনই যেতে রাজি হননি। দুজনের একজন ১৫০ টাকা এবং অন্যজন ১৪০ টাকা ভাড়া হাঁকেন। অথচ সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া মানলে এই পথের ভাড়া আসে বড়জোর ৫০ টাকা।
এই বিষয়ে ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ প্রথম আলোকে বলেন, ভাড়া, জমা ও বয়সসীমা বৃদ্ধি করলে এই খাতে আর নৈরাজ্য থাকবে না। এর আগেও ভাড়া বৃদ্ধির আগে আপনারা একই কথা বলেছিলেন—জবাবে তিনি বলেন, আর সমস্যা হবে না।
ভাড়া নির্ধারণে মালিকদের প্রাধান্য: সর্বশেষ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অটোরিকশার ভাড়া নির্ধারণে একটি উপকমিটি করে। সংস্থার পরিচালকের (প্রকৌশল) নেতৃত্বে নয় সদস্যের কমিটির ছয়জনই মালিক-শ্রমিক প্রতিনিধি। এই কমিটি ব্যয় বিশ্লেষণ করে অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা প্রস্তাব করে। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য প্রস্তাব করে সাড়ে ১১ টাকা। মালিকের জমা সাড়ে ৮০০ টাকা।
এই প্রস্তাব বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত আরেকটি কমিটির কাছে পাঠানো হয়। সেই কমিটিরও অর্ধেক সদস্য মালিক-শ্রমিক নেতারা। ওই কমিটির বৈঠকে মালিক সমিতির নেতারা আরও বৃদ্ধির জন্য চাপ দেন এবং ধর্মঘট আহ্বান করেন।