যাত্রীদের তাড়া, চালকের ওভারটেকিং, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের গতি কিছুটা কম থাকায় চালককে গতি বাড়ানোর তাড়া দিচ্ছিলেন যাত্রীরা। এরপর বেপরোয়া গতিতে গাড়ি চালানো শুরু করেন চালক। একপর্যায়ে সামনে থাকা একটি বাসকে অতিক্রম করতে গিয়ে অপর আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস দুটি ছিটকে খাদে পড়ে অন্তত ৪০ জন যাত্রী আহত হন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীদের মধ্যে ৩২ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে শাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে রওনা হয়। বেলা একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশালগামী বাসটি সড়কের দক্ষিণ পাশের খাদে ও ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের বাসটি উত্তর পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে বাস দুটির অন্তত ৪০ জন যাত্রী আহত হন। পরে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা যাত্রীদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
শাকুরা পরিবহনের বাসের আহত যাত্রী নাফি উদ্দিন ও জাকিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, গতি কম থাকায় চালককে গাড়ি দ্রুত চালানোর জন্য বারবার তাড়া দিচ্ছিল কয়েকজন যাত্রী। যাত্রীদের তাড়ার কারণে অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে। তা ছাড়া তাঁদের ধারণা, চালকও খুব একটা দক্ষ নন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, বাস দুটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে বাস দুটির চালক ও সহকারী পালিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।