যাত্রীদের ত্রাহি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বেলা একটা ৪০। ঘড়ির কাঁটা মেনেই কমলাপুর স্টেশন থেকে ডেমু ট্রেন ছাড়ে নারায়ণগঞ্জের উদ্দেশে। ডেমুর চাকা ঘুরছে আর সঙ্গে দৌড়াচ্ছে কিছু লোক। আরও শ খানেক মানুষ দাঁড়িয়ে, তাদের দৃষ্টিও ট্রেনটির দিকে। ট্রেনের দরজায় ঝুলে থাকা একজন বলে ওঠেন, ‘ঠাঁই নাই আর।’ দৌড়ানো ব্যক্তিদের মধ্য থেকে দু-একজন দরজার হাতল ধরে ঝুলে পড়ল।

যারা ট্রেনে উঠতে পারেনি তাদের জন্য পরবর্তী ট্রেন বিকেল তিনটায়। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেই এই দৃশ্য দেখা গেছে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী আধুনিক কমিউটার ট্রেন—ডেমুতে।

ঢাকা-নারায়ণগঞ্জ পথে দুই সেট ডেমু জোড়া দিয়ে যে ট্রেনটি চালানো হচ্ছে, তার মধ্যে বসার আসন সাকল্যে ২৯৮টি। দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা আছে ৩০২ জনের। গতকাল দুপুরে ডেমুর যাত্রী হয়ে কমলাপুর-নারায়ণগঞ্জ ভ্রমণ করেন এই প্রতিবেদকও। ট্রেনটিতে যেন হাত-পা রাখারই জায়গা হচ্ছিল না। সঙ্গে আরোহীদের টুকটাক মালামাল মিলিয়ে বেসামাল অবস্থা।

ফতুল্লার বাসিন্দা উম্মে কুলসুম ক্ষোভের সঙ্গে বলেন, এই পথের অন্য ট্রেনগুলোতে মেয়েদের জন্য আলাদা একটি কামরা থাকে। কিন্তু ডেমুতে তা নেই। এখানে যুদ্ধ করে উঠতে হয় এবং পুরো পথ চিড়েচ্যাপ্টা হয়ে যাতায়াত করতে হয়।

ক্ষুদ্র ব্যবসায়ী বজলুর রশিদ বলেন, সাধারণ ট্রেনগুলোতে সাত-আটটি বগি থাকে। আর দুই সেটের ডেমুতে বগি মাত্র দুটি। বাকি চারটিতে ইঞ্জিন আর যাত্রী বসার জায়গা পাশাপাশি। বাতাস চলাচল কম, ইঞ্জিনের গরম। ভেতরে টেকাই তো দয়।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ধারণক্ষমতা কম বলে খুব ভোরে, দুপুরে ও রাত ১০টার পর ডেমু চালানো হচ্ছে। বাকি সময় ডেমু অলস বসে থাকে। কর্মকর্তাদের ভাষায় এই সময়টাতে যাত্রী চাহিদা কম।

কমলাপুর ছাড়ার পর ডেমুর পরবর্তী গন্তব্য গেন্ডারিয়া। সেখানেও ১০০-১৫০ লোককে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে। কিন্তু গেন্ডারিয়ায় কোনো যাত্রী না নামায় আর ওঠার সুযোগ হয়নি কারও।

পাগলা স্টেশনে ট্রেনটি থামার পর এই প্রতিবেদক যে বগিতে ছিলেন, সেখান থেকে মাত্র তিনজন যাত্রী নামেন। বিপরীতে একসঙ্গে ওঠার জন্য ঝাঁপিয়ে পড়েন ২০-৩০ জন। কিন্তু দরজার মুখে ঝুলে থাকা যাত্রীদের ঠেলে ওঠার সাধ্য কার? দরজায় থাকা এক যাত্রীর সহায়তায় কোনোরকমে ওঠেন রফিকুল ইসলাম। বয়স ৬০ বছর হবে। তিনি বলেন, ‘নামেন ১০ জন আর উঠতে চান ১০০ জন। মুরব্বি হওয়ায় অন্যদের অনুরোধ করে কোনোরকমে উঠেছি।’

৪০ মিনিটে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছে যায় ডেমু। এবার নামার পালা। এবার আরেক বিড়ম্বনা। প্ল্যাটফর্ম থেকে অনেক উঁচুতে ট্রেনটির অবস্থান। আবার পাদানি কেমন যেন ভেতরের দিকে ঢোকানো। নামার সময় ওপর থেকে যাত্রীরা ঠিকমতো দেখতে পান না কোথায় পা রাখছেন। যেসব নারী অন্যের সহায়তায় কোনোরকমে ট্রেনে উঠতে পেরেছিলেন, নামার সময় তাঁদের লাফিয়ে লাফিয়ে নামতে হয়েছে। একাধিক ব্যক্তিকে দেখা গেছে দরজার মুখে বসে সিঁড়ি হাতড়াতে।

কয়েক মিনিট বিরতি দিয়ে ট্রেনটি পুনরায় ঢাকার দিকে যাত্রা শুরু করে। কমলাপুরে পৌঁছে ৪৫ মিনিট পর।

ওঠানামা আর ধারণক্ষমতার সীমাবদ্ধতার সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘা-এর মতো জেঁকে বসেছে ‘আজাব’ গরম। ট্রেনে ওঠার ১০ মিনিটের মধ্যে যাত্রীদের অবস্থা ত্রাহি ত্রাহি, ঘেমে-নেয়ে একাকার। ফেরার পথে যাত্রী সাইদুর রহমান বলে ওঠেন, ‘যেভাবে ঘামছি নেমে এক লিটার পানি খেতে হবে।’ আশপাশের ঘর্মাক্ত কয়েকজন গলা মেলালেন, এক লিটার নয়, পাঁচ লিটার পানি খেলেও পোষাবে না।

রেলের মেকানিক্যাল বিভাগকে দেওয়া পরিবহন দপ্তরের এক চিঠি থেকে জানা গেল, ডেমুতে চাহিদা অনুযায়ী যাত্রী বহন করা যায় না বলে যাত্রীরা নারায়ণগঞ্জের স্টেশন মাস্টারসহ অন্যদের সঙ্গে মারমুখী আচরণ করেছে, গালিগালাজও করেছে। ফতুল্লা, চাষাঢ়া ও কমলাপুর স্টেশনেও রেলকর্মীদের এমন অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়েছে।