যাত্রীদের নিরাপত্তা চেয়ে রিট
সড়কপথে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে চ্যালঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রোববার আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আবেদনকারী হয়ে রিটটি করে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কাল মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।মানিকগঞ্জের দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রিট আবেদনটি করা হয়। আবেদনে সড়ক দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সঠিক নির্দেশনা, এ ধরনের ঘটনা বন্ধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আরজি জানানো হয়। এ ছাড়া ২০১০-১১ সালে যেসব সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এ জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে, সে বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আরজিও রয়েছে রিটে। আবেদনে যোগাযোগসচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকারসচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বর্তমান অবস্থার কারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় সপ্তাহের মধ্যে ওই কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল জারি করেন। রুলে ওই সড়ক নির্মাণ বা মেরামত নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে সড়কটি নষ্ট হওয়ার জন্য দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণ জানতে চাওয়া হয়। যোগাযোগ, অর্থ, সড়ক ও জনপথের (সওজ) প্রধান প্রকৌশলীসহ পাঁচজনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।