হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মূল ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেকটর। মোতায়েন করা হয়েছে শতাধিক আর্মড পুলিশ, পুলিশ ও আনসার সদস্য
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণে মুখর হয়ে উঠেছে রাজধানী উত্তরার আশকোনায় অবস্থিত হাজি ক্যাম্প। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম ২০১৬-এর উদ্বোধন করেন। এ বছর হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে আজ বৃহস্পতিবার সকালে।
গতকাল দুপুরে হাজি ক্যাম্পে সরেজমিনে দেখা যায়, হজযাত্রীদের উপস্থিতিতে ক্যাম্প সরগরম হয়ে উঠেছে। হজযাত্রীরা ক্যাম্পে এসে প্রথমে রিপোর্ট করছেন। এরপর ক্যাম্পের ডরমিটরিতে গিয়ে বিশ্রাম নিচ্ছেন অনেকে। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মূল ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেকটর। এ ছাড়া মূল ফটকের পাশেই রয়েছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। মোতায়েন করা হয়েছে শতাধিক আর্মড পুলিশ, পুলিশ ও আনসার সদস্য। হাজিদের সার্বিক সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বাংলাদেশ রোভার স্কাউটের প্রতিনিধিরা। নিরাপত্তার স্বার্থে হজযাত্রী ছাড়া তাঁদের সঙ্গে আসা আত্মীয়স্বজনদের ক্যাম্পে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। হজযাত্রীদের অভ্যর্থনা, ক্যাম্পের আবাস্থলে পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবা, কাস্টমস ও ইমিগ্রেশনে সহায়তা, তথ্যকেন্দ্রে সহায়তা, স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বাংলাদেশ রোভার স্কাউট। যাত্রীরাও ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ক্যাম্পে অবস্থানরত গাইবান্ধার আবদুর রহমান বলেন, ‘সবকিছু ভালো। সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি।’ চট্টগ্রাম থেকে স্ত্রী-পুত্র সঙ্গে নিয়ে হজ পালনের জন্য ক্যাম্পে অবস্থানরত ছানোয়ার আলমের কণ্ঠেও একই সুর। সার্বক্ষণিক সহযোগিতা পেয়ে হজ অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে জানা যায়, প্রথম দিনের প্রথম ও দ্বিতীয় ফ্লাইটের যাত্রীদের কেউ কেউ বুধবার বিকেলেও তাদের পাসপোর্ট হাতে পাননি। প্রথম দিন দ্বিতীয় ফ্লাইট বিজি-৫০১১ এর হজযাত্রী একরামুল হক বলেন, ‘আমি রিপোর্ট করেছিলাম ১ তারিখে। আজ (বুধবার) আমাকে পাসপোর্ট দেওয়ার কথা। কিন্তু এখানে এসে দেখলাম আমাদের পাসপোর্ট আগামীকাল (বৃহস্পতিবার) সকাল আটটায় দেওয়া হবে। কর্তৃপক্ষ এ বিষয়ে সঠিক কোনো তথ্যও দিচ্ছে না।’
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার আবু তাহের বলেন, ‘এখানে আমাদের কয়েকটি প্রক্রিয়ায় কাজ, যেগুলো হাতে করতে হয়, তাই যথেষ্ট সময়ের প্রয়োজন। প্রথম দিকে একটু সমস্যা হয়, তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা হজযাত্রীদের হাতে পাসপোর্ট দিয়ে দেব। যাত্রীরা বিড়ম্বনার শিকার হবেন না।’ প্রথম ফ্লাইটের ৪১৯ জনের মধ্যে ৩৯৩ জনের পাসপোর্ট তাঁদের হাতে পৌঁছেছে বলে তিনি জানান।
পাসপোর্ট নির্দিষ্ট সময়ে বিমান অফিসে পাঠানো হচ্ছে কি না, এ বিষয়ে হজ অফিসে খোঁজ নেওয়া হলে হজ অফিসের পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘হজের সবগুলোই ডেডিকেটেড ফ্লাইট। তাই হজযাত্রীদের দুশ্চিন্তার কিছু নেই। বিলম্ব হলেও মিস হওয়ার আশঙ্কা থাকবে না।’
হজ প্যাকেজের সঙ্গে অন্তর্ভুক্ত খাবার বাবদ টাকা ফেরত দেওয়া নিয়েও অনেকের মাঝে দেখা দিয়েছে সংশয়। গত বৃহস্পতিবার ২৮ জুন বায়তুল মোকাররমে হজ মহড়ার সময় ঘোষণা দেওয়া হয়েছিল বুধবার ৩ আগস্ট সোনালী ব্যাংকের মাধ্যমে হাজিদের খাবার বাবদ টাকা নিজ নিজ হাতে ফেরত দেওয়া হবে। গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত সোনালী ব্যাংকের হাজি ক্যাম্প বুথে এসে মিরপুর সেনপাড়া পর্বতার হজযাত্রী আমির হোসেনের মতো ঘুরে গেছেন অনেকেই। হাজি ক্যাম্প সোনালী ব্যাংক বুথের ম্যানেজার নূর আল মোসাদ্দেক বলেন, ‘এখনো আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। সিদ্ধান্ত হলেই আমরা কাজ শুরু করব। ব্যাংক এখানে ২৪ ঘণ্টা খোলা থাকবে। হজযাত্রীদের এ নিয়ে কোনো হয়রানি হবে না।’