যাত্রীদের বসার আসন নেই বিশ্রামাগারও পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের বসার জন্য কোনো আসন নেই। বিশ্রামাগার দুটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।গোয়ালন্দ রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ স্টেশন দিয়ে প্রতিদিন চারটি ট্রেন দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, কুষ্টিয়া, রাজশাহী, ঈশ্বরদী, পার্বতীপুর ও খুলনায় চলাচল করে। এ ছাড়া প্রতিদিন সকালে নকশিকাঁথা ট্রেনে করে কয়েক শ কলেজগামী শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু স্টেশনটিতে যাত্রীদের জন্য বসার কোনো আসন না থাকায় ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়।গতকাল রোববার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের চারটি কক্ষের মধ্যে একটি প্রথম শ্রেণীর বিশ্রামাগার, আরেকটি দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার, একটি মাস্টারের কক্ষ এবং অন্যটিতে ‘অফিস কক্ষ’ লেখা রয়েছে। বিশ্রামাগার দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা রাজবাড়ী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ইরিনা আক্তার জানান, প্রতিদিন ট্রেনের জন্য দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়। এই রুটের প্রতিটি স্টেশনে বসার ব্যবস্থা থাকলেও শুধু গোয়ালন্দ বাজার স্টেশনে বসার কোনো আসন নেই।পৌর শহরের বাসিন্দা বালিয়াকান্দি উপজেলার মীর মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জানান, প্রতিদিন তাঁর মতো অনেকেই এ স্টেশন থেকে জেলার বিভিন্ন উপজেলাসহ অন্যান্য জেলায় ট্রেনে নিয়মিত যাতায়াত করেন। কিন্তু এখানে বসার কোনো ব্যবস্থা বা বিশ্রামাগার না থাকায় সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়।স্টেশনমাস্টার শামসুল আলম বলেন, দুটি বিশ্রামাগারের কক্ষ থাকলেও একটিও ব্যবহারের উপযোগী নয়। একটি বিশ্রামাগারে বসার কোনো ব্যবস্থা না থাকায় অফিসের কিছু জিনিসপত্র রাখা হয়েছে। বিশ্রামাগার ও আসনের জন্য পাকশি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।