যাত্রীদের বাঁচিয়ে চালক কাজল দাশ নিজে মারা গেলেন
যাত্রীদের জীবন বাঁচিয়ে চালক কাজল দাশ দুর্ঘটনায় পড়ে নিজে মারা গেলেন। গত বুধবার রাতে রোয়াংছড়ি উপজেলায় কঠিন চীবরদান উৎসবে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।দুর্ঘটনার পর কাজলের যথাসময়ে চিকিৎসা করা হয়নি অভিযোগে বিক্ষুব্ধ লোকজন বান্দরবান সদর হাসপাতালে ভাঙচুর করেছে। এ সময় বাধা দিলে পুলিশের ওপরও আক্রমণ করা হয় এবং এতে একজন সহকারী পরিদর্শক (এসআই) আহত হন।তবে চিকিৎসার অবহেলার কথা অস্বীকার করে চিকিৎসকেরা বলেছেন, আহত চালকের অবস্থা সংকটাপন্ন থাকায় তাঁদের করার কিছু ছিল না। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, বান্দরবান জেলা সদর থেকে সন্ধ্যায় চালক কাজল দাশ রোয়াংছড়ির ক্রুক্ষ্যং পাড়ায় কঠিন চীবরদান উৎসবের লোকজন নিয়ে যাচ্ছিলেন। ক্রুক্ষ্যং পাড়ার কাছাকাছি পৌঁছার পর পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় তিনি যাত্রীদের সবাইকে নামিয়ে দিয়েছিলেন। তিনি একাই গাড়ি চালিয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক শ ফুট নিচে খাদের ক্রুক্ষ্যংছড়ায় পড়ে যান। রোয়াংছড়ির সাংবাদিক চহ্লামং মারমা বলেছেন, চালক কাজল দাশ গাড়ি থেকে বহুদূরে জঙ্গলে ছিটকে পড়েছিলেন। দুর্ঘটনার পর তাকে খুঁজে বের করতে আধা ঘণ্টা সময় লেগেছিল। চহ্লামং বলেন, কাজল রোয়াংছড়ির মানুষের খুবই আপনজন ছিলেন। অন্য চালকেরা ওই খাড়া জায়গা যাত্রীসহ উঠলেও তিনি নিরাপত্তার কথা ভেবে কখনো উঠতেন না।কাজলের ভাই পৌরসভার কাউন্সিলর অজিত দাশ অভিযোগ করেন, কাজলকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসার পর হাসপাতালে ঘণ্টা খানেক কোনো চিকিৎসা দেওয়া হয়নি। হাসপাতালের অ্যাম্বুলেন্সও দেওয়া হয়নি। পরে পৌরসভার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, কিছু লোক অতর্কিতে হাসপাতালে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ বাধা দেওয়ায় ইটের আঘাতে নজরুল ইসলাম আহত হয়েছেন।সিভিল সার্জন মংতেঝ রাখাইন চিকিৎসার অবহেলার কথা অস্বীকার করে বলেন, কাজলকে হাসপাতাল নিয়ে আসার পর তিনজন চিকিৎসক ছিলেন। কিন্তু তাঁর অবস্থা এতই সংকটাপন্ন ছিল যে করার তেমন কিছু ছিল না। সিভিল সার্জন বলেন, তার পরও তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।