যাত্রীদের ব্যাপক দুর্ভোগ, মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার হোমনা পর্যন্ত আটটি পথে বাস চলাচল বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে সংশ্লিষ্ট পথের যাত্রীরা। চাঁদাবাজির প্রতিবাদে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকেরা। ওই আটটি পথে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী কোনো বাস চলাচল করেনি। বাসমালিক ও শ্রমিকেরা গতকাল গজারিয়া উপজেলার বাউশিয়া ও সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় দিনভর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। সভায় বক্তব্য দেন ঢাকা, বারদী, মেঘনা ও দাউদকান্দি রুটের বাসমালিকদের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, বাস চলাচল বন্ধ থাকায় একদিকে যেমন যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে, অন্যদিকে মালিকেরা লোকসানের সম্মুখীন হচ্ছে। অথচ সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার গুলিস্তান ও সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জের মদনপুর, বারদী, সোনারগাঁ মেঘনা, মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এবং কুমিল্লার দাউদকান্দি, হোমনা ও সাচার পর্যন্ত আটটি পথে প্রতিদিন ৪০০টি বাস চলাচল করে।বাসমালিক ও শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন প্রতিটি বাস থেকে ঢাকার সায়েদাবাদের শীর্ষ পরিবহন সন্ত্রাসী জাফর ও হেলাল গ্রুপ ৮০০ থেকে এক হাজার টাকা করে চাঁদা নেয়। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা পরিবহনের চালক ও শ্রমিকদের পিটিয়ে আহত করে।এদিকে চাঁদাবাজির জন্য বাস চলাচল বন্ধ থাকায় সোনারগাঁয়ের যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছে। গতকাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নিয়ে কমিটির সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। পুলিশ চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।