যাত্রীদের ভিড় নেই সদরঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাটে  বাড়িমুখো মানুষ
সদরঘাটে বাড়িমুখো মানুষ

ঈদ উপলক্ষে বাড়িমুখো মানুষের চাপে গত কয়েক দিন সদরঘাটে তিল ধারণের জায়গা ছিল না। অথচ আজ সদরঘাট অনেকটাই ফাঁকা। নেই তেমন হুড়োহুড়ি। যাত্রী কম থাকার কারণে আবার কোনো কোনো লঞ্চ ছেড়ে গেছে দেরিতে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাটের পরিদর্শক হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগের দিন সদরঘাটে যেমন ভিড় থাকে, আজ তেমন ভিড় নেই ঘাটে। বিকেল পর্যন্ত ৪৯টি লঞ্চ ছেড়ে গেছে। গতকাল যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি।

সদরঘাটে কথা হয় মাহফুজ নামের এক ব্যক্তির সঙ্গে। তাঁর বাড়ি বরিশাল। তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বলেন, গতকাল রোববার ছুটি পেলেও কেনাকাটা করা বাকি ছিল।তাই কেনাকাটা শেষ করে আজ স্ত্রী-ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছেন।

মাহফুজ প্রথম আলোকে বললেন, ‘ছুটি পেয়েছি গতকাল। আজ দেশের বাড়িতে যাচ্ছি। ঈদে মা-বাবার সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা।’

যুবরাজ লঞ্চের কর্মচারী মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সদরঘাটে যাত্রীদের ভিড় নেই। ঈদের আগের দিন এমন থাকার কথা না।’

ভোলাগামী লঞ্চের এক কর্মচারী ফারুক বললেন, ভোলাগামী যে লঞ্চটির যাওয়ার কথা দুপুর ২টায়। সেই লঞ্চটি তিনটার সময়ও ছাড়তে পারিনি। কারণ যাত্রী কম। যাত্রী পরিপূর্ণ না হলেতো আর লঞ্চ ছাড়া যাবে না। লঞ্চগুলো যাত্রীদের অপেক্ষায় আছে।