যাত্রীদের ভোগাচ্ছে যাত্রাবাড়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী : হাঁটুর ওপর পানি। সেই পানিতে ভাসছে আবর্জনা। গতকাল সকালে এই ছবি তুলেছেন আসাদুজ্জামান
যাত্রাবাড়ী : হাঁটুর ওপর পানি। সেই পানিতে ভাসছে আবর্জনা। গতকাল সকালে এই ছবি তুলেছেন আসাদুজ্জামান

যাত্রাবাড়ীর মাছের আড়ত থেকে মাছ নিয়ে গতকাল সোমবার সকাল আটটার দিকে কাজলা যাচ্ছিলেন ভ্যানচালক আবদুর রহিম। তিনি যখন যাত্রাবাড়ীর ফলের আড়তের সামনে আসেন, তখন তাঁর ভ্যানগাড়ি পানির নিচে তলিয়ে যায়। তাঁর সামনে থাকা রিকশা, সিএনজিচালিত অটোরিকশা পানির মধ্যে আটকে আছে। আধা ঘণ্টা আটকে থেকে একপর্যায়ে কেঁদেই ফেলেন রহিম। বললেন, ‘মাল নিয়ে এত পানির মধ্যে চলা কত যে কষ্টের, তা কাউকে বোঝানো যাবে না। পুরো রাস্তা পানিতে তলিয়ে গেছে। আর কত দিন আমাদের এমন কষ্ট সইতে হবে?
ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে কাজলা মোড় পর্যন্ত সড়কের বাঁ পাশ বন্ধ করে সংস্কারকাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাস্তার ডান পাশ দিয়ে উভয়মুখী যান চলাচল করছে। সে জন্য কয়েক মাস ধরে এমনিতেই দুর্ভোগ চলছে। গতকাল বৃষ্টিতে রাস্তার সে পাশটিও তলিয়ে গেল। আর তাতেই নিত্য দুর্ভোগ পোহানো আবদুর রহিমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ফারাজী শাহবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কের এক কিলোমিটারে সংস্কারকাজ চলছে। এই রাস্তায় পানিনিষ্কাশনের অবস্থা খুব খারাপ। বৃষ্টি হলে পানি জমে যায়। যে কারণে কাজের অগ্রগতিও কম।’
গতকাল সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা গেল, যাত্রাবাড়ীর ফলের আড়তের সামনের অংশে কোমরপানি। এর মধ্যেই লেগে আছে যানজট। সিলেট থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহন আটকে ছিল প্রায় আধা ঘণ্টা। যাত্রী আবদুল্লাহ আল গালিব বলছিলেন, এ মহাসড়ক দিয়ে তাঁদের চলতে হয়। ঈদের সময় মহা দুর্ভোগে পড়বে যাত্রীরা।
ষাটোর্ধ্ব আফসান আহমেদ থাকেন মৃধাবাড়ীতে। গতকাল তিনি রিকশায় যাত্রাবাড়ী ফলের আড়তের সামনে এসে পানির মধ্যেই ১০ মিনিট আটকে থাকেন যানজটে। তাঁর অভিযোগ, প্রতিদিন যাত্রাবাড়ী-ডেমরার লাখ লাখ মানুষকে রাস্তার কারণে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ রাস্তার কারণে জনগণের চেয়ে পুলিশ বেশি দুর্ভোগ পোহাচ্ছে। ইচ্ছা থাকলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যাচ্ছে না।