যাত্রীদের সঙ্গে সংঘর্ষ, বাসশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বনভোজনে আসা বাসযাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে বাসশ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে বরিশাল-পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বাকেরগঞ্জের লেবুখালী ঘাটে ফেরিতে আগে ওঠাকে কেন্দ্র করে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
নিহত মো. জসিম হাওলাদারের (৩২) বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
পুলিশ জানায়, এন কে ট্রাভেল বাসটি বনভোজনের যাত্রী নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস পটুয়াখালীর খেপুপাড়া ও মাওয়া থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস একই সময় কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। ভোরে লেবুখালী ফেরিতে আগে ওঠার জন্য ওই বাস দুটি বনভোজনের বাসটিকে অতিক্রম করে। এ নিয়ে ফেরিঘাটে বনভোজনের বাসের যাত্রীদের সঙ্গে ওই দুই বাসের শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসের হেলপারসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে সাকুরা পরিবহনের হেলপার মো. জসিম হাওলাদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।