যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ও ত্রুটিপূর্ণ লঞ্চ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ও ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল নিষিদ্ধ থাকলেও সেগুলো অবাধে চলাচল করছে। ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর ঝুঁকির কারণে এগুলোর চলাচল নিষিদ্ধ করা হয়।নিরাপদ নৌ-রুট বাস্তবায়ন কমিটির সভাপতি আ ন ম শাহ জামাল বলেন, ‘ভোলার প্রত্যেকটি লঞ্চঘাট ও নৌঘাট থেকে ভাঙাচোরা, ত্রুটিযুক্ত ছোট লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা যাত্রী নিয়ে চলাচল করছে। জলযানের ত্রুটিপূর্ণ নকশা, শিথিল পরিদর্শন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, চালকের অদক্ষতা ও আবহাওয়া পূর্বাভাসের সীমাবদ্ধতার কারণে এযাবৎ অনেক নৌ-দুর্ঘটনা ঘটেছে। তবুও কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছে না। আমরা প্রতিবছর মানববন্ধন করি, সঞ্চারকলিপি দিই, কিন্তু কোনো উপকার হচ্ছে না।’ গত কয়েক দিনে খোঁজ নিয়ে ও সরেজমিনে দেখা গেছে, ভোলার এ নদী দুটির ৭৩টি নৌপথ ও ২৩টি লঞ্চঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ত্রুটিপূর্ণ ছোট লঞ্চ যাত্রী নিয়ে চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ‘সমুদ্র পরিবহন অধিদপ্তর দেশের নদীগুলোকে শান্ত, সারা বছর অশান্ত ও মৌসুমি অশান্ত এই তিন ভাগে ভাগ করেছে। বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই সাত মাস ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর ঝুঁকি থাকে। এ কারণে ভোলার মেঘনা, ইলিশা ও তেতুলিয়া নদীর নৌ পথকে মৌসুমি অশান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত মেঘনার সব শাখা নদী এ সময় অশান্ত হয়ে ওঠে। এ সময় উত্তাল মেঘনা নদীতে সব যাত্রীবাহী নৌযান চলা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। তাই নৌপরিবহন মন্ত্রণালয় এসব এলাকাকে লালবয়া এলাকায় (বিপজ্জনক নৌপথ) ফেলে সব ধরনের বেসরকারি ত্রুটিপূর্ণ ছোট যাত্রীবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করেছে। মনপুরা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন, মনপুরা উপজেলা থেকে নিরাপদে বের হওয়ার একমাত্র মাধ্যম সি-ট্রাক। সেটি ২০১০ সাল থেকে বন্ধ। আন্দোলনের মুখে মাঝেমধ্যে ১০-২০ দিন চললেও এটি ২০১১ সাল থেকে চক্রে পড়ে একদম বন্ধ হয়ে গেছে। জেলার চারটি সি-ট্রাক পথের মধ্যে মাত্র একটি পথে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে সি-ট্রাক চলাচল করছে। অন্য তিন পথে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ভোলার বিপজ্জনক ৭৩টি নৌপথে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ও ২৩টি লঞ্চঘাট থেকে বিভিন্ন পথে লঞ্চ চলাচল করছে। মনপুরা উপজেলার ১৪টি নৌপথে, তজুমদ্দিনের ১০টি, ভোলা সদরের ২২টি, লালমোহনের ১১টি, চরফ্যাশনের ১৫টি এবং দৌলতখান উপজেলার আটটি এবং বোরহানউদ্দিনে একটি নৌপথে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা চলাচল করছে। জেলার মেঘনা ও তেঁতুলিয়া পাড়ে রয়েছে ২৩টি লঞ্চঘাট। এগুলো হচ্ছে বঙ্গেরচর, ইলিশা গাজীপুর, তুলাতুলি, নাদের মিয়ারহাট, চর কচ্ছপিয়া, দাশেরহাট, পাঙ্গাশিয়া, ভেদুরিয়া, খেয়াঘাট, গঙ্গাপুর, নাজিরপুর লঞ্চঘাট, তজুমদ্দিন লঞ্চঘাট, লালমোহন ধলীগৌরনগর, চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট, সূর্যমুখী, পচাকোড়ালিয়া, জনতাবাজার, বেবিজিরা, শশীভূষণ, ঘোষেরহাট, রিয়াজনগর, রাজাপুর ফেরিঘাট, বিশ্বরোডের মাথা। ভোলার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘মনপুরা-তজিমউদ্দিন নৌপথে সি-ট্রাক চালুর জন্য বিআইডব্লিউটিসিকে চিঠি দিয়েছি। অন্যান্য নৌপথ নিরাপদ রাখার জন্য কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেছি।’ বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা বিভাগের পরিচালক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি। এখন আইন না মানলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। অন্যদিকে ত্রুটিপূর্ণ জলযান চলাচলে অনেক অভিযোগ পাওয়ার পরে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।’