যাত্রীবাহী কিছু লঞ্চ চলেছে, পণ্যবাহী নৌযান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বৃদ্ধা যাবেন শরীয়তপুরের সুরেশ্ব​ের। লঞ্চঘাটে এসে ধর্মঘটের কথা শুনে বুঝতে পারেননি তাঁর লঞ্চ আদৌ ছাড়বে কি না। ছবিটি গতকাল বেলা ১১টায় সদরঘাট থেকে তোলা l প্রথম আলো
এই বৃদ্ধা যাবেন শরীয়তপুরের সুরেশ্ব​ের। লঞ্চঘাটে এসে ধর্মঘটের কথা শুনে বুঝতে পারেননি তাঁর লঞ্চ আদৌ ছাড়বে কি না। ছবিটি গতকাল বেলা ১১টায় সদরঘাট থেকে তোলা l প্রথম আলো

নৌযানশ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বেশ কিছু লঞ্চ চললেও সারা দেশে পণ্যবাহী জাহাজসহ নৌযানগুলো বন্ধ রয়েছে। ধর্মঘট চলাকালীন গতকাল শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে মালিক প্রতিনিধিদের সঙ্গে সরকারপক্ষের বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। আগের দিন গত বুধবার শ্রমিকদের সঙ্গে বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি। ধর্মঘট আহ্বানকারী নৌশ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
নৌযানশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার থেকে সারা দেশের নৌযানে ধর্মঘটের ডাক দিয়েছে নৌশ্রমিক সংগ্রাম পরিষদ। পরিষদের একাধিক নেতা বলেছেন, এর আগে সরকারের সঙ্গে আলোচনায় শ্রমিকদের তিন ধরনের ন্যূনতম মজুরি দেওয়ার কথা ছিল। এর মধ্যে ‘ক’ শ্রেণির জন্য ১০ হাজার, ‘খ’ শ্রেণির জন্য ৯ হাজার ৫০০ টাকা ও ‘গ’ শ্রেণির জন্য ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এটা মানা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
তবে ঈদের আগে আগে এই ধর্মঘট নিয়ে মানুষের মধ্যে ক্ষোভও আছে। গতকাল সদরঘাটে গেলে ঢাকা নদীবন্দরের ট্রাফিক পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত ৩২টি লঞ্চ ঘাটে এসেছে। আর ছেড়ে গেছে ১৩টি। তবে বেশির ভাগ যাত্রীবাহী লঞ্চ ছাড়ে সন্ধ্যায়। ফলে দুপুর পর্যন্ত তথ্য প্রকৃত নয়। আগের দিন বুধবারের হিসাব দিয়ে তিনি বলেন, ওই দিন সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত ৫৪টি লঞ্চ গেছে। এসেছে ২৯টি। তিনি বলেন, স্বাভাবিক সময়ে যায় ৬৫টির মতো এবং আসে ৬২টি।
বেলা দেড়টায় লালকুঠি ঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুরগামী ময়ূর-৭ যাত্রী নিয়ে ছেড়েছে। কাছাকাছি সময়ে চাঁদপুর থেকে রফরফ নামের আরেকটি লঞ্চ ঘাটে আসে। দুজন যাত্রী রিয়াজুল ইসলাম ও শরিফুল ইসলাম বললেন, ধর্মঘটের প্রথম দিনে চাঁদপুর থেকে একেবারেই লঞ্চ ছাড়েনি। তবে দুই দিন ধরে চলছে।
এই রুটের একটি লঞ্চের নাম প্রকাশে অনিচ্ছুক এক ইঞ্জিনচালক বলেন, মালিকেরা চাপ দিচ্ছেন। আবার সামনে ঈদ, বেতন না পেলে খুবই সমস্যায় পড়তে হবে। এসব কারণেই চালাতে রাজি হচ্ছেন।
তবে ধর্মঘট পালনকারী শ্রমিক নেতাদের একজন খোকন মিয়া প্রথম আলোকে বলেন, কিছু মালিক জোর করে ও ভয়ভীতি দেখিয়ে শ্রমিকদের দিয়ে লঞ্চ চালাচ্ছেন। কোনো কোনো শ্রমিককে মারধরও করা হয়েছে। তিনি দাবি করেন, বেশির ভাগ লঞ্চ চালানো হচ্ছে যেনতেন লোক দিয়ে। প্রকৃত মাস্টাররা (চালক) চালাচ্ছেন না। এ কারণে ঝুঁকি নিয়ে চলছে লঞ্চগুলো। তিনি বলেন, সারা দেশের পণ্যবাহী লঞ্চগুলো পুরোপুরি বন্ধ আছে।
চট্টগ্রাম অফিস জানায়, শিল্পের কাঁচামালসহ আমদানি পণ্য নিয়ে আসা অন্তত ৪২টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে। এসব জাহাজ থেকে পণ্য স্থানান্তর করে সারা দেশের ৩৬টি ঘাটে নেওয়া ৬১১টি জাহাজও আটকা পড়েছে। ছোট-বড় এ রকম ৬৫৩টি জাহাজে আটকা পড়েছে প্রায় ১৫ লাখ টন পণ্য।

কর্ণফুলী নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে সারি সারি জাহাজ। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের অভয়মিত্র ঘাট এলাকা থেকে তোলা ছবি l জুয়েল শীল
কর্ণফুলী নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে সারি সারি জাহাজ। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের অভয়মিত্র ঘাট এলাকা থেকে তোলা ছবি l জুয়েল শীল


চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, অচলাবস্থা অব্যাহত থাকলে কাঁচামাল আমদানিনির্ভর শিল্পকারখানার উৎপাদন বন্ধ হয়ে যাবে।
বন্দর সূত্রে জানা গেছে, আটকে পড়া পণ্যের মধ্যে রয়েছে গম, ডাল, চিনিসহ বিভিন্ন ভোগ্যপণ্য এবং সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার ও নির্মাণকাজে ব্যবহৃত পাথর। ধর্মঘট শুরুর দিন বন্দরের বহির্নোঙরে জাহাজ ছিল ৩৫টি। প্রতিদিন তিন-চারটি বড় জাহাজ আমদানি পণ্য নিয়ে আসছে। তবে জাহাজ এসে বহির্নোঙরে পৌঁছালেও খালাস হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, বহির্নোঙরে আমদানি পণ্যবাহী জাহাজে পণ্য খালাসের কাজ না হলেও জেটিতে কনটেইনার ও সাধারণ পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে। আবার রপ্তানি পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে না।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিমেন্টশিল্প খাত। কর্মবিরতির কবলে পড়া জাহাজের মধ্যে সিমেন্টশিল্পের কাঁচামালবাহী জাহাজের সংখ্যা বেশি। এরপর রয়েছে অপরিশোধিত চিনি, গম, ডালসহ ভোগ্যপণ্যবাহী জাহাজ। এসব পণ্য আমদানিকারককে প্রতিদিন ক্ষতিপূরণ দিতে হবে।
বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এ কে এম শামসুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট সময়ের চেয়ে পণ্য খালাসে এক দিন বেশি সময় লাগলে পণ্য আমদানিকারককে জাহাজভেদে ১০-১২ হাজার ডলার পরিশোধ করতে হবে।
প্রথম আলোর মোংলা (বাগেরহাট) প্রতিনিধি বলেন, ধর্মঘটের তৃতীয় দিনেও মোংলা বন্দরে গম, সার, ক্লিংকার, পাথর, মেশিনারিজসহ সব পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ বন্ধ রয়েছে। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌযোগাযোগও বন্ধ হয়ে গেছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ধর্মঘটে অচল হয়ে পড়েছে নৌপথে উত্তরাঞ্চলে সার ও পণ্য পরিবহনের একমাত্র বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর। এই বন্দরে খালাসের অপেক্ষায় নোঙর করে রয়েছে চট্টগ্রাম ও মোংলা থেকে আসা এমওপি ও পটাশ সার, চাল, ক্লিংকারসহ বিভিন্ন পণ্যবাহী অন্তত ২০টি জাহাজ। এ ছাড়া বন্দরে খোলা আকাশের নিচে ও ট্রাকে রাখা আছে দেশের বিভিন্ন নদীবন্দরে পাঠানো ধানসহ অন্যান্য পণ্য।
সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ: আগের দিন শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর গতকাল মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল মতিঝিলের শ্রম ভবনে অনুষ্ঠিত বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চললেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিয়া আবদুল্লাহ মামুন প্রথম আলোকে বলেন, এটা ঠিক যে চূড়ান্ত কিছু হয়নি। তবে তাঁরা আশাবাদী, আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই এই সমস্যা সমাধান হবে।
শ্রম পরিদপ্তরের পরিচালক এফ এম আশরাফুজ্জামান বৈঠকের পর সাংবাদিকদের বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে আবারও বৈঠক হবে।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের ধর্মঘট অব্যাহত থাকবে।