যাত্রীবাহী ট্রেনে অবৈধ পণ্য ও মাদক বহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-বেনাপোল রেলপথের যাত্রীবাহী ট্রেনে অবাধে আসছে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেল পুলিশকে ঘুষ দিয়ে চোরাকারবারিরা এসব পণ্য পরিবহন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চোরাকারবারিদের দৌরাত্ম্যে যাত্রীরা অসহায় হয়ে পড়েছেন।
এই প্রতিবেদক গত ২০ আগস্ট সকাল সাড়ে ছয়টায় খুলনা রেলস্টেশন থেকে ওই পথে চলাচলকারী বেনাপোল কমিউটার ট্রেনে ওঠেন। সকাল সাতটায় ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে। দৌলতপুরে পৌঁছানোর পর পেছনের বগিতে খালি বস্তা হাতে উঠে পড়ে কিছু নারী-পুরুষ। একই দৃশ্য দেখা যায় যশোরের নওয়াপাড়া, ঝিকরগাছা ও নাভারণ স্টেশনে।
ট্রেন যখন বেনাপোল স্টেশনে পৌঁছাল তখন সকাল নয়টা ৪০ মিনিট। নারীরা খালি বস্তা হাতে নেমে এদিক-ওদিক ছড়িয়ে পড়লেন। প্রায় এক ঘণ্টা পর পণ্যভর্তি বস্তা নিয়ে তাঁরা ট্রেনে ফিরে আসতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ট্রেনের সামনের বগির আসনের নিচ ও যাত্রীদের দাঁড়ানোর জায়গা ভরে গেল বস্তায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চোরাকারবারি জানান, প্রতিদিন প্রায় ৫০টি (৪০ কেজির) চায়ের বস্তা, তুলার ১০টি বস্তা, চিনির ১০টি বস্তা, জিরার ১৫টি বস্তা, চালের ২০টি বস্তা এবং মাদকদ্রব্য ভর্তি শতাধিক পোটলা আনা হয়।
চা বহনের কাজে জড়িত কুলসুম বেগম (ছন্দ নাম) বলেন, ‘গাড়ি ভাড়া, পুলিশ আর দালালগে দিয়ে মেলা (বেশি) টাকা থায়ে (থাকে) না। তারপরে মাঝে মাঝে র‌্যাব-বিজিবি আসে নিয়ে যায়। তার পরেও প্রতিদিন আড়াই শ টাহা লাভ হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক চোরাকারবারী জানান, প্রতিদিন ৪০ জন চোরাকারবারি ও ৪০ জন বহনকারী ট্রেনে করে মাল আনে। বেনাপোল ও ঝিকরগাছার ২০-২৫ জন এসব পণ্য সরবরাহ করে। তবে তিনি তাঁদের নাম ও পরিচয় বলতে রাজি হননি।
বেলা ১২টা ৪৮ মিনিটে ট্রেন যখন ছাড়ল তখন অধিকাংশ বগি ছোট-বড় বস্তায় ভর্তি। একটায় বেনাপোল থেকে যশোরের নাভারণ স্টেশনে গিয়ে থামল ট্রেনটি। দেখা গেল, আশপাশের বাড়ি থেকে বস্তা মাথায় নিয়ে কিছু নারী ও পুরুষ ছুটে আসছেন ট্রেনের দিকে। তাঁরা জানালা দিয়ে বগির ভেতরে ঠেলে দিতে লাগলেন এগুলো।
ঝিকরগাছা স্টেশনেও একই দৃশ্য দেখা গেল। এরপর যশোর স্টেশনে ট্রেন থামতেই তড়িঘড়ি ওই বস্তা নামাতে শুরু করেন তাঁরা। যশোর স্টেশনেই বেশি মাল নামানো হয়। এরপর স্টেশনের বারান্দায় রেখে তা ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। নওয়াপাড়া, দৌলতপর ও খুলনা স্টেশনেও একইভাবে মাল নামানো হয়।
খুলনা রেল পুলিশের চারজনের একটি দল খুলনা থেকে উঠেছিল সকালেই। তাদের সামনেই চোরাকারবারিরা অবৈধ পণ্য ও মাদকদ্রব্য ট্রেনে উঠিয়েছে। বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর চাঁদা তুলতে শুরু করেন তাঁরা। মালের পরিমাণ অনুযায়ী প্রত্যেকের কাছ থেকে ২০-৪০ টাকা করে নেওয়া হয়।
ট্রেনের পাঁচটি বগিতে ৪০০ আসন আছে। আসনের নিচ ও যাতায়াতের পথে বস্তা ফেলে রাখা হয়। তিনটি বগির আসন চোরাকারবারিদের দখলে থাকে। এ কারণে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়। এ বিষয়ে প্রদীপ রায় নামে এক যাত্রী বলেন, ‘আমি টিকিট কেটে স্ত্রী-পুত্র নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আর ওরা অবৈধ মাল নিয়ে বসে যাচ্ছে।’
খুলনার স্টেশন মাস্টার আমিরুল ইসলাম বলেন, ‘এটা যাত্রীবাহী ট্রেন, মালবাহী নয়। এটা দেখার দায়িত্ব পুলিশের। তাদের কাছে জানতে চান কেন এভাবে মাল আসে, উত্তর পেয়ে যাবেন। তারা ব্যবস্থা না নিলে আমরা কী করব।’
বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান বলেন, ‘ওই ট্রেনে ভারত থেকে আনা কিছু চিনি, জিরা, চা ও কিশমিশ পরিবহন করা হয়। এটা নিয়ে আমরা বিব্রত। এগুলো বহনের কাজে নারীদের ব্যবহার করা হয়। অভিযান চালাতে গেলে তারা কাপড় ছিঁড়ে এবং মাথা ফাটিয়ে বিজিবির দোষ দেয়। তখন খুব বিপদে পড়তে হয়।’
খুলনা রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, ‘খাদ্যদ্রব্য এলে দেখে না দেখার ভান করতে ঊচ্চপর্যায় থেকে তাঁদের বলা হয়েছে।’ খুলনা মহানগর পুলিশ কমিশনার সফিকুর রহমান বলেন, ‘আমরা রেল পুলিশকে সব সময় অবৈধ পণ্য আটক করার নির্দেশ দিই।’