যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন যাত্রী আহত হন। গত বুধবার দিবাগত রাতে খাদিমপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
এদিকে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কৃষ্ণ সরকার (৩৫) নামের প্লাস্টিক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।
কুষ্টিয়ায় নিহত ব্যক্তিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের নূরে আলম (৫৫), একই গ্রামের জাহিদুল ইসলাম (৫০), শহিদুল ইসলাম (৪৫) ও বগুড়ার কাহালু উপজেলার কাশিমালা গ্রামের পারভেজ ইসলাম (২৫)। এর মধ্যে নূরে আলম আক্কেলপুর পৌরসভা জাকের পার্টির সভাপতি ছিলেন। আর পারভেজ বাসের চালক ছিলেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে আক্কেলপুর পৌরসভা এলাকা থেকে প্রায় ৬২ জন যাত্রী নিয়ে আহাদ এন্টারপ্রাইজের একটি বাস ফরিদপুর জেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে আটজন যাত্রী বাসের ছাদে ছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের খাদিমপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন বাসের যাত্রী শহিদুল ইসলাম বলেন, তিনি বাসের সামনে বসে ছিলেন। রাত তিনটার দিকে বাসটি ঈশ্বরদীতে গ্যাস নেয়। এরপর বাসের চালক পারভেজ অন্য একজনকে গাড়িটি চালাতে দেন। আর তিনি বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকেন।
সড়কের পাশের কয়েকজন বাসিন্দা বলেন, ওই সড়কে অনেক বাঁক। কিন্তু বাঁকে সড়কের পাশে কোনো প্রতিরোধক খুঁটি (গাইড পোস্ট) বা গাছ নেই। এগুলো থাকলে হয়তো বাসটি খাদে না-ও পড়তে পারত।
হাইওয়ে পুলিশ কুষ্টিয়ার চৌড়হাস ফাঁড়ির উপপরিদর্শক জামাল উদ্দীন বলেন, চারজনের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। দুপুরে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ নেই জানিয়ে লাশ নিয়ে যান।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাঁকগুলোতে গাইড পোস্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। টাকা পেলে এ বছরের মধ্যেই করা হবে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বুধবার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার শ্রীঅঙ্গনের বাৎসরিক আবির্ভাব উৎসব থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন কৃষ্ণ সরকার ও তাঁর স্ত্রী বিপ্লবী রানী সরকার। বদরপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মাহেন্দ্র (তিন চাকার মোটরযান) তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই কৃষ্ণ সরকারের মৃত্যু হয়।