যাত্রীবাহী বাস থেকে স্কুলছাত্রী অপহরণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যাত্রীবাহী বাস থেকে এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের খোসালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গয়ালীপাড়ার বাসিন্দা বাবুল মোল্লার ছেলে সনেটকে (২০) প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন।প্রত্যক্ষদর্শী ও অপহূত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই ছাত্রীকে নিয়ে তার বড় ভাই সাকুরা পরিবহনের একটি বাসে করে মঠবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। সকাল নয়টার দিকে খোসালের বাড়ির সামনে কয়েকজন তরুণ হাত তুলে বাসটি থামানোর ইঙ্গিত করে। যাত্রী ভেবে বাসটি সেখানে থামে। এরপর সনেট (২০), সাদ্দাম (২২), রুমঞ্চনসহ (১৯) আরও দুই তরুণ বাসে উঠে ওই ছাত্রীকে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।মেয়েটির ভাই বলেন, ‘সনেট এক বছর ধরে আমার বোনকে উত্ত্যক্ত করছে। গতকাল সকালে বোনকে নিয়ে বাসে করে ঢাকা যাচ্ছিলাম। পথে সনেট, রুমঞ্চন, সাদ্দামসহ অপরিচিত দুই যুবক বাসে উঠে আমার বোনকে জোর করে তুলে নিয়ে যায়। আমি বাধা দিলে ওরা আমাকে মেরে মুঠোফোন নিয়ে যায়।’এ ব্যাপারে সনেট ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ বলেন, মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।