যাত্রীবাহী বাসে অচেতন কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী বাস থেকে এক কিশোরকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে অন্য যাত্রীরা। পরে পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে তেজগাঁও থানার বিজয় সরণি এলাকায় একটি বাসের আসনে অচেতন অবস্থায় পড়ে ছিল ওই কিশোর। প্রথমে অন্য যাত্রীরা তাকে ঘুমন্ত মনে করে। কিন্তু পরে অস্বাভাবিক মনে হওয়ায় যাত্রীরা তাঁকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে।
তেজগাঁও থানার এসআই শামীম শিকদার বলেন, ওই কিশোরের কিছুটা জ্ঞান ফিরলে সে কয়েকটি মুঠোফোন নম্বর বলে। পরে একটি নম্বরে কল করলে অপর প্রান্ত থেকে আলমগীর গাজী নামের এক ব্যক্তি জানান, কিশোরের নাম সোহরাব গাজী। তিনি সোহরাবের চাচা।
এসআই শামীম বলেন, কিশোরের গ্রামের বাড়ি চাঁদপুরে। পরিবারের লোকজন খবর পেয়ে ঢাকায় রওনা দিয়েছে। কিশোর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোহরাবের চাচা আলমগীর গাজী বলেন, বাসাবোর এক আত্মীয়ের একটি দোকানে চাকরি করে সোহরাব। বৃহস্পতিবার রাতে সে চাঁদপুর থেকে এক চাচির সঙ্গে ঢাকা হয়ে গাজীপুর বোর্ড বাজারে যায়। সেখান থেকে সম্ভবত বাসাবোতে কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।