যাত্রীবাহী বাসে উত্ত্যক্ত, কন্ডাক্টরের দুই মাস কারাদণ্ড
ফেনীতে যাত্রীবাহী বাসে এক কিশোরীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত শাহ আলম (৩০) নামের বাস কন্ডাক্টরকে দুই মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। তিনি ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় কুমিল্লা থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসে এক কিশোরী কুমিল্লা থেকে ফেনী যাচ্ছিল। পথে বাসের কন্ডাক্টর ওই কিশোরীকে (১৪) নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি বাসের অন্য যাত্রীদের নজরে আসে। বাসটি রাত আটটার দিকে ফেনীর ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশনে পৌঁছালে যাত্রীরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ওই বাস কন্ডাক্টরকে আটক করে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুবর্ণা সরকারের কাছে হাজির করে। তিনি ওই কিশোরী ও বাসের কন্ডাক্টরের বক্তব্য শোনার পর শাহ আলমকে দণ্ডবিধির ৫০৯ ধারার অভিযোগে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।