যাত্রীবাহী বাসে এসিড বহন!
যশোরে যাত্রীবাহী বাসে এসিড বহন করা হয়। জেলা এসিড ব্যবসায়ী সমিতির নেতাদের অভিযোগ, বেনাপোল স্থলবন্দর ও যশোর শহরের মনিহার এলাকা থেকে ড্রামভর্তি এসিড প্রায়ই বাসে বহন করা হয়।এদিকে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল জেলা কমিটির সভা হলেও তহবিলে কোনো টাকা জমা নেই।জেলা এসিড ব্যবসায়ী সমিতির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘আমাদেরই কেউ কেউ যাত্রীবাহী বাসে এসিড আনছেন। তবে প্রশাসনের নজরদারি বাড়ানো হলে ব্যবসায়ীরা হয়তো এমনটি করতে সাহস পেতেন না।’প্রশাসনের নজরদারির ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এন এম মঈনুল ইসলাম বলেন, এসিড নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে।গত বছরের ২৬ অক্টোবর জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, যশোর জেলা কমিটির সভা হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) আনিছুর রহমান। তিনি জানান, জেলায় এসিড-সন্ত্রাসের ১২টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি মামলার চূড়ান্ত প্রতিবেদন ও ১০টি মামলার অভিযোগপত্র আদালতের কাছে দাখিল করা হয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়নে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য মামলার বাদীপক্ষ ঝিমিয়ে পড়ে। সাক্ষীরাও সাক্ষ্য দিতে অনাগ্রহ দেখান। এ কারণে মামলাগুলো ধামাচাপা পড়ে। এতে এসিড-সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিরা পার পেয়ে যায়।আনিছুর রহমান বলেন, আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে এ ব্যাপারে তৎপর থাকতে বলা হয়েছে। মামলার সাক্ষী যাতে আদালতে হাজির থাকেন, এ জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীবাহী বাসে এসিড বহনের ব্যাপারে তিনি আরও বলেন, এমন অভিযোগ তাঁদের কাছেও আছে। এ ব্যাপারে তাঁদের নজরদারি রয়েছে; কিন্তু এখনো কোনো পরিবহন থেকে এসিড উদ্ধার করা যায়নি।ওই সভার কার্যবিবরণীতে বলা হয়, এসিড-সন্ত্রাসের শিকার ব্যক্তির চিকিৎসা, সাহায্য ও ব্যয় নির্বাহের জন্য একটি তহবিল রয়েছে। ওই তহবিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫০ হাজার এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১৮ হাজার টাকা অনুদান মেলে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত এসিড-সন্ত্রাসের শিকার ১১ জন ব্যক্তির মধ্যে ওই টাকা বিতরণ করা হয়। বর্তমানে তহবিলে কোনো টাকা নেই বলে সভায় জানানো হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বশেষ জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল জেলা কমিটির সভা গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।