যাত্রীবাহী বাসে গণডাকাতি এসআই প্রত্যাহার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল রোববার ভোররাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে গণডাকাতি হয়েছে।এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) রাজশাহী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী নৈশকোচগুলো রাজশাহী ও গোদাগাড়ীর মাঝামাঝি লালাদীঘি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে।ডাকাতির শিকার ন্যাশনাল পরিবহনের সুপারভাইজার মনিরুল ইসলাম জানান, রোববার ভোর পৌনে চারটার দিকে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক বন্ধ করে দেয়। এতে কমপক্ষে ১৪টি গাড়ি ডাকাতের কবলে পড়ে। তারা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা, মুঠোফোন, সোনার গয়না, কাপড়চোপড়সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। ডাকাতি শুরুর প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম। এ সময় যাত্রীদের তোপের মুখে পড়েন তিনি। যাত্রীদের অনেকে অভিযোগ করেন, ডাকাতির সময় গোদাগাড়ী থানায় বারবার ফোন করা হলেও কেউ সাড়া দেয়নি। থানা সূত্রে জানা গেছে, ওই সময় মহাসড়কের ওই স্থানে দায়িত্ব পালন করার কথা ছিল গোদাগাড়ী থানার এসআই আবদুল মান্নানের। কিন্তু তিনি বাসায় ছিলেন। ডাকাতির খবর পেয়ে ওসি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘটনাস্থলে যান।ওসি জাকিরুল ইসলাম বলেন, ‘আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। ডাকাতির সময় রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক গাড়ি দাঁড়িয়ে যায়। ডাকাতেরা মূলত দু-তিনটি গাড়িতে হামলা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’রাজশাহী পুলিশ সুপার এসএম রোকন উদ্দিন বলেন, দায়িত্বে অবহেলার কারণে গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের একাধিক দল অপরাধীদের ধরতে মাঠে নেমেছে।