যাত্রীবাহী বাসে ডাকাতি, হামলায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঢাকা-নান্দাইল সড়কে গত মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা নগদ টাকাসহ যাত্রীদের মুঠোফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ ছয়জন আহত হন। ডাকাতদের ছুরিকাঘাত ও মারধরে আহত ব্যক্তিরা হলেন চালক সফিউদ্দিন (৩৫), তাঁর সহকারী হূদয় (২৫) ও সাব্বির আহমেদ (৩২), টিকিট পরিদর্শক নুর চাঁন (৩০), যাত্রী আহসান উল্লাহ (৩৫) ও রাজু আহমেদ (৩০)। তাঁদের কাপাসিয়ার জোবাইদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসযাত্রীদের ভাষ্যমতে, জালসিড়ি পরিবহনের বাসটি ময়মনসিংহের নান্দাইল থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে যাত্রীবেশে একদল ডাকাত ওই বাসে ওঠে। বাসটি কাপাসিয়ার উজলি এলাকায় পৌঁছালে ডাকাতেরা চালককে ছুরিকাঘাত করে বাসটির নিয়ন্ত্রণ নেয়। তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিস লুট করে। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের মারধরে চালকের দুজন সহকারীসহ ছয়জন আহত হয়। বাসটি কাপাসিয়ার টোক এলাকার পাথরঘাটা সেতুর কাছে পৌঁছালে ডাকাতেরা নেমে পড়ে। ওই সেতুর কাছে আগে থেকে অবস্থান করা সহযোগীদের মোটরসাইকেল করে তারা দ্রুত পালিয়ে যায়। জালসিড়ি পরিবহনের সভাপতি হাদিউল ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করে আনা প্রায় আড়াই লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতদল। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাসে হামলা ও লুটের কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘এটি ডাকাতির ঘটনা নয়, দস্যুতা।’