যাত্রীবাহী বাসে ডাকাতি কোটি টাকা লুট
সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়েছে। ওই বাসের যাত্রী গরুর ব্যবসায়ীরা দাবি করেছেন, ডাকাতেরা তাঁদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা লুট করেছে।
গত সোমবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উপজেলার মীর্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন রাতে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে।
গরুর ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে গরু কেনার জন্য বরিশাল থেকে ৫০-৬০ জন ব্যবসায়ী চাকলাদার পরিবহনের একটি বাস ভাড়া করে সোমবার রাতে সাতক্ষীরা আসছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ওই স্থানে পৌঁছালে আড়াআড়িভাবে একটি ট্রাক রেখে ১৫-২০ জনের একদল ডাকাত বাসটির গতি রোধ করে। এরপর ডাকাতেরা গরুর ব্যবসায়ীদের কাছ থেকে এক কোটিরও বেশি টাকা লুট করে। ডাকাতদের হাতে মারাত্মক জখম হন গৌরনদী উপজেলার পাই গ্রামের নূরে আলম ও ছিদ্দিক মোল্যা, বড় ফকশা গ্রামের আবদুল কাদের খান এবং যশোর জেলা সদরের বকচর গ্রামের তোফাজ্জেল হোসেনসহ সাতজন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির খবর পেয়ে সাতক্ষীরা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা বাসটি নিয়ে ত্রিশমাইল সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে ডাকাতেরা ধানদিয়ার মৌলভীবাজার এলাকায় বাসটি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাসের সহকারী যশোরের বারন্দিপাড়ার আবদুল মান্নান ও মনিরামপুরের আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক দল সোমবার রাত থেকেই অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার দিকে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মল্লিকের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত সিঁধ কেটে প্রবেশ করে। এরপর ডাকাতেরা তাঁর পরিবারের সাত সদস্যকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে একটি কক্ষে বেঁধে রেখে আলমারি ভেঙে ৭০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। জাকির হোসেন রূপালী ব্যাংকের বাউফল উপজেলার কালিশুরী শাখার কর্মকর্তা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি: আমাদের ফরিদপুর অফিস জানায়, সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের কদম শিকদারের ডাঙ্গী গ্রামে প্রবাসী দুই ভাই ওয়াজেদ সিকদার ও কলম সিকদারের বাড়িতে গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে প্রবেশ করে। তারা বাড়ির লোকদের জিমিঞ্চ করে ১৫ ভরি স্বর্ণালংকার এবং দুই লাখ টাকা নিয়ে যায়।