যাত্রীবাহী লঞ্চে ছাত্রলীগের ভাঙচুর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী এমভি প্রিন্স অব রাসেল-৩ লঞ্চে গতকাল বুধবার ভোরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর করেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী যাত্রী ও লঞ্চের তত্ত্বাবধায়ক জানান, লঞ্চটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে ছেড়ে ভোর চারটায় চাঁদপুর ঘাটে পৌঁছায়। এটি পথে থাকা অবস্থায় ছাত্রলীগের নেতা ওবায়েদুর লঞ্চের এক কর্মীকে টেলিভিশনের শব্দ কমাতে বলেন। তাৎক্ষণিকভাবেই তাঁর নির্দেশমতো শব্দ কমানো হয়। কিন্তু রাতে টেলিভিশনের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটেছে অভিযোগে ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের নেতার অনুসারীরা লঞ্চে উঠে ভাঙচুর চালান। তাঁরা লঞ্চের তিনটি এলসিডি টিভিসহ আসবাবপত্র ভাঙচুর করেন।

লঞ্চের মালিক প্রতিনিধি বিপ্লব সরকার দাবি করেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের ভাঙচুরে লঞ্চের অন্তত চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’ এ ব্যাপারে ছাত্রলীগের নেতা ওবায়েদুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।