যাত্রীবেশী ডাকাত দলের কবলে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে যাত্রীবেশী ডাকাতদের কবলে পড়ে নগদ টাকা, মুঠোফোন সেটসহ সর্বস্ব খুইয়েছেন ৩৪ যাত্রী। এ ছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বাসের চালক এবং চার-পাঁচজন যাত্রী। গত সোমবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির কবলে পড়া বাসটির যাত্রী ছিলেন কুমিল্লার জাকির হোসেন। তিনি প্রথম আলোকে জানান, প্রিন্স পরিবহনের একটি বাসে করে তাঁরা কুমিল্লায় আসছিলেন। বাসটি ঢাকার সায়েদাবাদ থেকে রাত সাড়ে আটটার দিকে ছেড়ে আসে। বাসটি মেঘনা সেতু পার হওয়ার পর যাত্রীবেশী একদল ডাকাত বাসের চালক ইব্রাহীমের (৩৫) মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাসটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ডাকাতেরা কুপিয়ে এবং পিটিয়ে চার-পাঁচজনকে জখম করে আতঙ্ক সৃষ্টির পর বাসের ৩৪ যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন সেটসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। রাত সাড়ে ১০টায় দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে বাসটি থামিয়ে ডাকাতেরা চলে যায়। চালক ইব্রাহীমকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বাসচালকের সহকারী শরীফ জানান, ডাকাত দল মেঘনা সেতু পার হওয়ার পর পরই বাসের সব জানালা বন্ধ করে পর্দাগুলো টেনে দেয়। ডাকাতেরা বাসটি মেঘনা সেতু এলাকা থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর পশ্চিম অংশে পাখি চত্বর এলাকায় নিয়ে আসার পর পুনরায় মেঘনা সেতুর দিকে ফিরিয়ে নিয়ে যায়। মেঘনা সেতুর পূর্ব পাশে গিয়ে তারা আবার বাসটি নিয়ে কুমিল্লার দিকে রওনা হয়। পরে ডাকাতি শেষে মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে তারা নেমে পড়ে। দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও সৌরজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ডাকাতির ঘটনায় কেউ মামলা করেনি।