যাত্রীবেশে মাইক্রোবাসে ডাকাতি, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মাইক্রোবাসে যাত্রী তুলে তাদের সর্বস্ব লুট করেছে একদল ডাকাত। ডাকাতি করে পালানোর সময় পুলিশ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতদলের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বলেন, ওই দিন রাত নয়টার দিকে যাত্রীবেশে ডাকাতদলের দুই সদস্য নিয়ে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ডে একটি মাইক্রোবাস উপস্থিত হয়। সেখানে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের তুলে নিয়ে গাড়িটি কুমিল্লার উদ্দেশে রওনা হয়। মাইক্রোবাসটি মদনপুর এলাকায় পৌঁছার পর ১০-১২ জনের একটি ডাকাতদল অপর একটি মাইক্রোবাসে করে এসে ওই গাড়িটি ঘিরে ফেলে। পরে তারা যাত্রীদের পিটিয়ে আহত করে তাদের সর্বস্ব লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ তাদের পিছু নেয়। ডাকাতদের বহনকারী মাইক্রোবাসটি টিপরদী এলাকায় পৌঁছার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। পরে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাত সর্দার হানিফ ও আলাল মোল্লাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতেই ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মনির হোসেন ও হারুন নামের ডাকাতদলের অপর দুই সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, হাতকড়া, ওয়্যারলেস সেট ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বাদী হয়ে আট ডাকাতের বিরুদ্ধে মামলা করেছেন।