যাত্রীবোঝাই লঞ্চ ছেড়েছে আগেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও রেলপথের মতো নৌপথেও রাজধানী ঢাকা ছাড়ছে ঈদে ঘরমুখী মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপনে ঘরমুখী মানুষের ভিড় ছিল গতকাল বৃহস্পতিবার ঢাকা নদীবন্দর সদরঘাটে। যাত্রীতে পূর্ণ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে লঞ্চগুলো।
দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো সন্ধ্যায় বা রাতে ছাড়লেও দুপুরের পর থেকেই যাত্রীরা সদরঘাটে আসতে শুরু করেন। যাত্রীর ভিড়ে মুখর হয়ে ওঠে পন্টুন। পরিবার-পরিজনসহ আসা যাত্রীরা উঠে পড়েন নিজেদের গন্তব্যের লঞ্চে। শিশুযাত্রীদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক। টার্মিনাল ছাড়ার নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ায় লঞ্চগুলো গন্তব্যের উদ্দেশে ঘাট ছাড়ে। তবে লঞ্চে প্রচণ্ড ভিড় ছিল না। সদরঘাটে আসতে অনেককে যানজটে পড়তে হয়েছে। নৌপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সদরঘাট এলাকায় র্যা ব, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।
দুপুরের পর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, পন্টুন ও আশপাশের এলাকায় সড়কগুলোতে হকাররা নানা পসরা সাজিয়ে বসেছেন। টার্মিনালের ১১ নম্বর পন্টুনে ওয়েল্ডিংয়ের কাজ চলছে। ফলে যাত্রীদের চলাফেরায় সমস্যা হচ্ছে।
পারাবত লঞ্চে ওঠা যাত্রী ফরিদুল হক (৪২) বলেন, বরিশালে যাবেন। লঞ্চ ছাড়বে রাত সাড়ে আটটায়। যানজটে পড়তে পারেন এমন আশঙ্কায় পরিবার-পরিজন নিয়ে বিকেল তিনটায়ই টার্মিনালে চলে এসেছেন। টার্মিনালের পন্টুনে ওয়েল্ডিংয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঈদে মানুষের যাতায়াতের আগেই এসব কাজ সেরে ফেলা উচিত।
গতকাল টার্মিনাল থেকে হকার উচ্ছেদে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু বলেন, হকার উচ্ছেদ ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। পন্টুনে অবৈধভাবে দোকান বসিয়ে মালামাল বিক্রির অভিযোগে দুই হকারকে আটক করে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, গতকাল দক্ষিণাঞ্চলের ৪১টি পথে নিয়মিত ৭০টি লঞ্চ ছাড়াও অতিরিক্ত (বিশেষ সার্ভিস) আরও ২৫টি লঞ্চ চলেছে। সদরঘাট টার্মিনাল এলাকায় ঈদে ঘরমুখী যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, টার্মিনালে হকার উচ্ছেদের জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ ছাড়া পন্টুনের সংস্কার ও নতুন স্থাপনার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছু কাজ বাকি আছে। সেগুলো আজ শুক্রবারের মধ্যে শেষ হবে।
আইজিপির পরিদর্শন: বিকেলে সদরঘাট টার্মিনাল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ নৌপথে বাড়ি যাবে। এ জন্য সদরঘাট টার্মিনাল এলাকা ও নদীপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এ ছাড়া অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বন্ধে ও নদীপথে ডাকাতি রোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করতে দেওয়া হবে না। লক্কড়ঝক্কড় কোনো লঞ্চ যাতে চলতে না পারে, সে জন্য নজরদারি রাখা হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে কোনো লঞ্চ যাতে যাত্রী না নেয়, সে জন্য লঞ্চমালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার প্রধান উপদেষ্টা ও টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া বলেন, পোশাক কারখানা ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান ছুটি হলে শুক্রবার থেকে যাত্রী আরও বাড়বে। যাত্রীসংখ্যা বিবেচনা করে প্রয়োজনীয় লঞ্চের ব্যবস্থা করা হবে।