যাত্রীর আসনের নিচে ১০৫ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে আজ মঙ্গলবার ১০৫ কেজি সোনা উদ্ধার করা হয়। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে আজ মঙ্গলবার ১০৫ কেজি সোনা উদ্ধার করা হয়। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে যাত্রীদের আসনের নিচ থেকে আজ মঙ্গলবার ১০৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই বিমানবন্দরে আটক হওয়া সোনার বারের সবচেয়ে বড় চালান এটি।

বিমানবন্দর শুল্ক বিভাগ জানায়, দোহা-দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি০২৬) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটির ঢাকায় যাওয়ার কথা ছিল। এ সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শুল্ক কর্মকর্তারা প্রথমে একজন যাত্রীর আসনের নিচে কালো প্যাকেটভর্তি স্বর্ণের বার দেখতে পান। এরপর পর্যায়ক্রমে কয়েকটি আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০৫টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার বারের দাম প্রায় ৪৫ কোটি টাকা। সোনা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ১০ জন যাত্রীকে আটক করা হয়েছে।
বেলা আড়াইটার দিকে সংবাদ ব্রিফিং করে কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক বিস্তারিত তথ্য জানান।

আটক ১০ জন যাত্রী হলেন শফিক ইসলাম, পেয়ারুল ইসলাম, মো. ইয়াকুব, মহিন উদ্দিন, নাহিদ তালুকদার, মনসুর ইসলাম, ইমতিয়াজ খান, হাসান মাহমুদ, ফয়সাল ও রহিম শিকদার। এদের মধ্যে তিনজনের চট্টগ্রাম থেকে এই উড়োজাহাজে করে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সোনার বার আটকের পর তাঁরা যাত্রা বাতিল করেন। সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করা হয়।