যাত্রীর চাপ বাড়ছে, অর্ধেক আসন খালি রেখে ছেড়ে যাচ্ছে ট্রেন
লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পর রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও নির্ধারিত ভাড়াতেই অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করছে ট্রেন।
আজ শুক্রবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীর চাপ বেড়েছে। আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম থাকলেও মেইল কমিউটার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে স্টেশনেই।
জামালপুর কমিউটার ট্রেনের ইনচার্জ কামরুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘অর্ধেক আসন ফাঁকা রেখেই আমরা ট্রেন চালাচ্ছি। লোকসান হলেও সরকারের বিধিনিষেধ মান্য করছি আমরা। এ ছাড়া বেশি সংখ্যায় যাত্রী পরিবহনে নিরুৎসাহিত করার জন্য আমরা বিমানবন্দর স্টেশন থেকে টিকিট দেওয়া বন্ধ রেখেছি।’
শুক্রবার বেলা দুইটায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, অন্য সময়ের তুলনায় কড়াকড়ি করে সব যাত্রীর টিকিট দেখে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্টেশনে প্রবেশের মুখেই রাখা আছে হ্যান্ড স্যানিটাইজার। প্রবেশের মুখে ভিড় না করতে বারবার হ্যান্ডমাইকে সতর্কবাণী শোনানো হচ্ছে। এ ছাড়া স্টেশনের বাইরে স্থাপন করা হয়েছে র্যাব ও পুলিশের নিরাপত্তা বুথ।
এ সময়ে ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষমাণ ছিল ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। ছাড়ার নির্ধারিত সময় বিকেল সাড়ে তিনটা। স্টেশনে প্রবেশের সময় যাত্রীর মাস্ক নিশ্চিত করা হলেও অনেক যাত্রীকে ট্রেনে উঠে মাস্ক খুলে ফেলতে দেখা গেছে। এ এলাকায় রেল পুলিশ বা ট্রেন কর্তৃপক্ষের তেমন কড়াকড়ি চোখে পড়েনি।
জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীরা যাতে মাস্ক পরে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে স্টেশনে প্রবেশ করে, আমরা তা নিশ্চিত করছি। কিন্তু কেউ ট্রেনে উঠে মাস্ক খুলে ফেললে বা স্বাস্থ্যসচেতনতা না মানলে কীভাবে বাধ্য করব?’
স্টেশন ম্যানেজার জানান, লকডাউন শিথিল হওয়ার পর ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।
লকডাউনের মধ্যে মাইক্রোবাসে ঢাকায় ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন নাটোরের মো. রাজু। রাজশাহীগামী ট্রেনে বাড়ি ফিরতে কমলাপুরে এসেছেন। কিন্তু স্টেশনে পৌঁছানোর কয়েক মিনিট আগেই ট্রেনটি ছেড়ে গেছে। তিনি এখন অপেক্ষা করছেন সন্ধ্যা সাড়ে সাতটার দ্রুতযান এক্সপ্রেসের জন্য। বললেন, লোকাল ট্রেন সাধারণত কিছুটা দেরি করে ছাড়ে। কিন্তু যাত্রীর চাপ থাকায় আজকে ঠিক সময়ে ছেড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা যাবেন বুয়েটের টেকনিক্যাল অফিসার মাহাবুব হাসান।
পরিবারের ৭ সদস্যকে নিয়ে উপকূল এক্সপ্রেসে উঠেছেন। বললেন, সাতজনের জন্য টিকিট নিয়েছিলাম। ১৪টি সিটই পেয়েছি। অন্য সময়ের তুলনায় একটু পরিষ্কারই মনে হয়েছে ট্রেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিসা আক্তার অনলাইনে টিকিট কেটেছিলেন। কিন্তু ট্রেনে উঠে দেখলেন তাঁর আসনের পাশের জানালা স্থায়ীভাবে বন্ধ করা। যেহেতু অন্য যাত্রীর অর্ধেক আসন খালি রয়েছে তাই তিনি নিজের আসন বদলে সামনের আসনে গিয়ে বসলেন।
স্টেশনের বাইরে জামালপুর কমিউটারের টিকিট কাটার জন্য একই গ্রামের আরও চারজনের সঙ্গে লাইনে অপেক্ষা করছিলেন রাসেল মো. আলী। সবাই ঈদে বাড়ি যাচ্ছেন এবং পুনরায় লকডাউন থাকায় ঈদের পরদিনই ঢাকায় ফিরবেন বলে জানালেন তাঁরা।